পানছড়ি প্রতিনিধি :খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১১টার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়।
“Sports: Building Bridges, Breaking Barriers” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন।


র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌসী হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
অনুষ্ঠানে উপস্থিত সকলে ক্রীড়া চর্চা বাড়ানোর মাধ্যমে সুস্থ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

ডেস্ক রিপোর্ট 






















