পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় চোরের বিচারের দাবি ও চোর চক্রের মূল আসামি শিহাব শিকদারের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাহেরচর বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ইউনিয়নের তৈয়বুর রহমান শিকদারের ছেলে শিহাব শিকদারের গোয়ালঘর থেকে একটি চুরি হওয়া গরু উদ্ধার এবং দুই চোরকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের বাহেরচর ব্রিজের নিচ থেকে শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন গরু চুরির শিকার পরিবারগুলোর সদস্য, ব্যবসায়ী ও স্থানীয় সচেতন মহলের সাধারণ মানুষ।

বাহেরচর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হাওলাদারের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে বক্তব্য রাখেন মো. জাহিদ রাড়ি , মোঃ লিটন হাওলাদার , মোঃ সুলতানা খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা অভিযোগ করেন, শিহাব শিকদার দীর্ঘদিন ধরে চোরাই গরু কেনাবেচার সঙ্গে জড়িত। এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজি, চর দখল, অবৈধভাবে বালু উত্তোলন ও সালিশ বাণিজ্যের মতো নানা অনিয়মের অভিযোগ রয়েছে। তারা দাবি করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে একটি সংঘবদ্ধ চোর চক্র পরিচালনা করা হচ্ছে। বিক্ষোভকারীরা অবিলম্বে শিহাব শিকদারের গ্রেপ্তার এবং চোর চক্রের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

ডেস্ক রিপোর্ট 






















