জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স দ্বিতীয় বর্ষের ‘অ্যাপ্লাইড আইসিটি’ কোর্সের পাঠদান আরও কার্যকর করতে ৯০০ জন মাস্টার ট্রেইনার তৈরির উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তাদের প্রশিক্ষণ দিতে তৈরি করা হবে ৯০ জন কোর ট্রেইনার। ইতোমধ্যে কারিকুলাম ও প্রশিক্ষণ সামগ্রী ভ্যালিডেশন শেষে এখন মাঠপর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে একটি সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। সভায় প্রশিক্ষণ কার্যক্রমের রোলআউট পরিকল্পনা, প্রশিক্ষণ ক্যালেন্ডার ও সময়সূচি, প্রশিক্ষক নির্বাচন, বাজেট, প্রশিক্ষণ এলাকা নির্ধারণ এবং কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া, ‘অ্যাপ্লাইড আইসিটি মাস্টার ট্রেইনার’ ও ‘ইন-হাউস টিচার ট্রেনিং’-এর কনসেপ্ট নোট নিয়েও আলোচনা করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, প্রশিক্ষণ কার্যক্রমটি ব্লেন্ডেড লার্নিং পদ্ধতিতে পরিচালিত হবে। কোর ও মাস্টার ট্রেইনারদের প্রথমে অনলাইন কোর্স সম্পন্ন করতে হবে। এরপর তাদের পাঁচ দিনব্যাপী সরাসরি প্রশিক্ষণে অংশ নিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, ইতোমধ্যে প্রথম বর্ষে ৯০ জন কোর ট্রেইনার ও ৮৪০ জন মাস্টার ট্রেইনার তৈরি করা হয়েছে। পাশাপাশি, ইন-হাউস প্রশিক্ষণের মাধ্যমে প্রায় ২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও ২ হাজার ৫০০ শিক্ষককে এ প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সভায় ইন-হাউস প্রশিক্ষণের সম্ভাব্য বাজেট, কোর ও মাস্টার ট্রেইনারদের চূড়ান্ত তালিকা এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষক নির্বাচন নিয়েও আলোচনা হয়। প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন জোন ও ম্যাপিং এলাকা নির্ধারণের বিষয়টিও গুরুত্ব পায়।
বিষয়টি নিয়ে প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, অ্যাপ্লাইড আইসিটি কোর্সের পাঠদান আরও কার্যকর করতে শিক্ষক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ প্রশিক্ষণ কলেজ পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষকেরা প্রযুক্তিনির্ভর পাঠদানে আরও দক্ষ হয়ে উঠবেন। একই সঙ্গে শিক্ষার্থীরাও শ্রেণিকক্ষে অ্যাপ্লাইড আইসিটির ব্যবহারিক দিকগুলো আরও ভালোভাবে শেখার সুযোগ পাবে।
সমন্বয় সভায় ইউনিসেফের প্রোগ্রাম স্পেশালিস্ট ফাহমিদা শবনম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 





















