বাস-ট্রাকের জ্বালানি ‘ডিজেলে’র দাম গতকাল ১৫ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া বাড়াতে বৈঠকে বসেছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এবং মালিকরা। কিন্তু ২ ঘণ্টার ৪০ মিনিটের বৈঠকে বিশেষ কোনো সিদ্ধান্ততে পৌঁছাতে পারেনি কোনো পক্ষই। ফল, সমুচা, কেক আর চা খেয়ে শেষ হয় বৈঠক।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বনানীতে বিআরটিএয়ের সদর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। সিদ্ধান্ত অসমাপ্ত রেখেই বৈঠক শেষ হয় রাত ১০টায়।
তবে বৈঠকের দায়িত্বশীল সূত্রে জানা যায়, দূরপাল্লা ও মহানগরের উভয়ক্ষেত্রে ২২ পয়সা ভাড়া বাড়তে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সকালে। বিআরটিএ সকালে সুপারিশ প্রস্তুত করে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠাবে। মন্ত্রণালয় ফাইনালি কাটছাঁট করে প্রজ্ঞাপন জারি করবে।

বৈঠক সূত্রে আরও জানা যায়, বাস মালিক সমিতির নেতারা প্রস্তাব করে জানিয়েছেন দূরপাল্লার একটি বাস বছরে গড়ে এক লাখ ৬৫০০ কিলোমিটার চলে। সেই হিসেবে গড়ে প্রতি কিলোমিটারে ৭৫ টাকা ৭৫ পয়সা পরিচালন ব্যয় হয়। আর শুধু প্রতি কিলোমিটারে জ্বালানি খরচ হয় ৩৭ টাকা ১০ পয়সা। এর সঙ্গে বাসের আনুষঙ্গিক আরও ১৫টি আইটেম যুক্ত করার পর এবং বাসে গড়ে ৩৫ জন যাত্রী হিসাব করে প্রতি কিলোমিটারে ২ টাকা ৩৪ পয়সা খরচ হয়। আর মহানগরীর বাসে গড়ে ৪০ জন হিসাব করে খরচ ২ টাকা ৪৯ পয়সা। এর সঙ্গে নতুন তেলের দাম ধরে ভাড়া চায় বাস মালিকরা।
সর্বশেষ আলোচনায় দূরপাল্লার ২ টাকা ১২ পয়সার সঙ্গে ২২ পয়সা যুক্ত করে ২ টাকা ৩৪ পয়সা এবং মহানগরীর ক্ষেত্রে ২ টাকা ৪৫ পয়সার সঙ্গে ২২ পয়সা যুক্ত করে ২ টাকা ৬৭ পয়সা হতে পারে বলে জানা গেছে।
বৈঠক সূত্র জানায়, বৈঠক থেকে ২২ পয়সা ভাড়া বাড়ানোর আলোচনায় একমত হয়েছে বিআরটিএ ও পরিবহন মালিক পক্ষ। কিন্তু শেষ পর্যন্ত মিটিং শিডিউলে কেউ স্বাক্ষর করেনি। তাই চূরান্ত হয়নি। সকালে বিআরটিএ মন্ত্রণালয়কে সুপারিশ পাঠাবে। সব ঠিক থাকলে মহানগর ও দূরপাল্লা দুই জায়গাতেই ২২ পয়সা করে ভাড়া বাড়বে।
বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর বলেন, আমরা কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারিনি। সকালে সুপারিশ তৈরি করে মন্ত্রণালয় পাঠানো হবে। বাকিটা মন্ত্রণালয় কাটছাঁট করে চূড়ান্ত করবে। তারপর কালই প্রজ্ঞাপন জারি হতে পারে।

ডেস্ক রিপোর্ট 






















