চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নির্মিত প্রথম কেন্দ্রীয় মন্দির ‘সরস্বতী জ্ঞান মন্দির’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) সকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মন্দিরটির উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট এলাকায় নির্মিত এ মন্দিরকে ঘিরে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
উদ্বোধন উপলক্ষে সকাল ৯টায় দেবী পূজা ও বন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে গীতা পাঠ করা হয় এবং অতিথিদের হাতে ‘কৃতজ্ঞতা স্মারক’ তুলে দেওয়া হয়। পরে আনুষ্ঠানিকভাবে মন্দিরের দ্বার উন্মোচন করা হয়।

পরবর্তী আলোচনাসভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রংধনু জাতি গঠন আমাদের দর্শন। আমরা সবাই বাংলাদেশি, ভিন্নতা ছাড়া কোনো দেশ হতে পারে না। ঐক্য থাকতে হবে, তবে ভিন্নতাও থাকবে।
তিনি আরও বলেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই, যা হবে সহনশীল, সংবেদনশীল, মানবিক ও স্থিতিশীল। এই চারটি গুণ ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
জানা যায়, ২০১২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন সনাতনী শিক্ষার্থীদের জন্য মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেয়। ‘সরস্বতী জ্ঞান মন্দির’ নির্মাণে সম্পূর্ণ অর্থায়ন করেছে চট্টগ্রামের অদুল-অনিতা ট্রাস্ট।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মোহাম্মদ মীর হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

ডেস্ক রিপোর্ট 






















