জাহিদুল ইসলাম, দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার থানা ব্রিজ থেকে মৌকরণ ভায়া জামলা এলজিইডির সড়কটির বেহাল দশা স্থানীয় বাসিন্দা, পথচারী ও জনসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
সড়কের নাজুক অবস্থার কারণে প্রায়ই যানবাহন চলাচল বন্ধ থাকে। এ অবস্থায় অটোবাইক চালকরা বাধ্য হয়ে থানা ব্রিজ-লাউকাঠী ভায়া শ্রীরামপুর বাজারের বিকল্প কাঁচা সড়ক ব্যবহার করছেন এবং মৌকরণগামী যাত্রীদের অতিরিক্ত সময় ও ভাড়া গুনতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা জলিল তালুকদার বলেন, সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে বড় বড় গর্ত তৈরি হয়। এতে রিক্সা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। অটোবাইক চালক ফোরকান মৃধা ও মোশাররফ ঘরামী জানান, ভাঙা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে যানবাহনের যন্ত্রাংশ দ্রুত নষ্ট হচ্ছে, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
এ সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষ চলাচল করেন। জরুরি রোগী পরিবহনেও মারাত্মক সমস্যা হচ্ছে বলে এলাকাবাসী জানান। সড়কটির দু’পাশের ভুক্তভোগীদের অভিযোগ একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে জনমনে ক্ষোভ বাড়ছে।
স্থানীয় জনপ্রতিনিধি হুমায়ুন কবির মৃধা বলেন, সড়ক মেরামতের জন্য উপজেলা প্রকৌশল বিভাগে বারবার তাগিদ দেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, শিগগিরই কাজ শুরু হবে।
দুমকি উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান বলেন, সড়কটি প্রশস্ত করা হবে। ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। তবে রাস্তার দু’পাশের গাছ কাটার বিষয়ে এলজিইডি ও বন বিভাগের সমন্বয়ে কিছুটা সময় লাগছে। জটিলতা কাটলেই কাজ শুরু হবে।

ডেস্ক রিপোর্ট 






















