মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভূরঘাটা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারী নবজাতকের জন্ম দিয়েছেন। শুক্রবার ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই নারী কালকিনি পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন।পাগলী নারী বেশিরভাগ সময় ভূরঘাটা মজিদবাড়ি বাসস্ট্যান্ডে থাকতেন। তবে তার নাম-পরিচয় কিংবা পরিবারের কোনো তথ্য স্থানীয়দের জানা নেই।
শুক্রবার ভোররাতে ভূরঘাটা এলাকায় হঠাৎ তার প্রসব ব্যথা শুরু হলে স্থানীয় কয়েকজন নারী মানবিকতার হাত বাড়িয়ে দেন। তাদের সহযোগিতায় ওই নারী একটি সন্তান প্রসব করেন।ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন মা ও নবজাতকের খোঁজখবর নিতে সেখানে ভিড় করেন। তবে নবজাতকের বাবার পরিচয় সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেননি।

খবর পেয়ে কালকিনি উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিনের নির্দেশনায় মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ইউএনও সাইফ উল আরেফিন বলেন,এঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। “মা ও নবজাতকের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসাসহ সব ধরনের সহায়তা প্রদান করা হবে। তাদের সুস্থতা নিশ্চিত করতে আমরা সার্বিকভাবে পাশে আছি।”
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা অসহায় ও মানসিক ভারসাম্যহীন নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।

ডেস্ক রিপোর্ট 






















