বিশেষ প্রতিনিধি: দেশের তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর দক্ষতা, ক্যারিয়ার সচেতনতা ও কর্মমুখী শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী স্কিল লার্নিং ও ক্যারিয়ারভিত্তিক সেমিনার ‘SkillPath 2026’।
যুব উন্নয়নমূলক সংগঠন তারুণ্য ৩৬০ (Tarunnya 360)-এর উদ্যোগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, সদ্য স্নাতক, চাকরিপ্রার্থী এবং তরুণ পেশাজীবীরা অংশ নেন।
আয়োজকদের ভাষ্য, দ্রুত পরিবর্তনশীল কর্মবাজারে তরুণদের সম্ভাবনাময় ক্যারিয়ার সম্পর্কে ধারণা দেওয়া, প্রয়োজনীয় দক্ষতা চিহ্নিত করতে সহায়তা করা এবং নিজেদের জন্য উপযুক্ত শেখার ও পেশাগত পথ বেছে নেওয়ার সুযোগ তৈরি করাই ছিল ‘SkillPath 2026’-এর মূল উদ্দেশ্য।
সেমিনারে বর্তমান শ্রমবাজারে ক্রমবর্ধমান গুরুত্ব পাওয়া বিভিন্ন ডিজিটাল দক্ষতা নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিং, অ্যানিমেশন ও মোশন গ্রাফিক্স এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। এসব খাতে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা, প্রয়োজনীয় প্রস্তুতি এবং দক্ষতা অর্জনের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি। বিশেষ অতিথি ছিলেন ডাচ বাংলা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ও ভাইয়া গ্রুপের কর্ণধার শাখাওয়াত হোসেন মামুন, সিসনোভা (কাজী ফার্মস গ্রুপের অংশ)-এর সিইও মাহমুদা ইসলাম এবং EnglishA2Z-এর প্রতিষ্ঠাতা সাব্বির সরকার।
বক্তারা বলেন, প্রচলিত একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তিনির্ভর ও বাস্তবমুখী দক্ষতা অর্জন তরুণদের কর্মজীবনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের কারণে নিয়মিত নতুন কিছু শেখা, পরিবর্তিত কর্মপরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া এবং বাস্তব কাজের উপযোগী দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তারা।
‘SkillPath 2026’-এর সহযোগী হিসেবে ছিল Creative IT Institute, E-Shikhon ও Ostad। সহযোগী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা, পেশাগত দিকনির্দেশনা এবং ভবিষ্যতে কীভাবে দক্ষতা উন্নয়ন করা যায়—সে বিষয়ে ধারণা নেওয়ার সুযোগ পান। অনুষ্ঠানে টি-শার্ট পার্টনার হিসেবে Rock & Drop এবং গ্যাজেট পার্টনার হিসেবে Gadget Reviveসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান সহযোগিতা করে।
তারুণ্য ৩৬০-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. মবিন ইসলাম লিখন বলেন, তরুণদের শিক্ষা, দক্ষতা, নেতৃত্ব ও পেশাগত উন্নয়নের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা সংগঠনটির অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হবে।
সংগঠনের কো-ফাউন্ডার ও ডিরেক্টর অব ফাইন্যান্স অ্যান্ড পাবলিক রিলেশনস আলী আকবর রাফি। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তরুণদের দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার প্রস্তুতিকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
আয়োজকদের মতে, দেশের বিপুলসংখ্যক তরুণকে যদি মানসম্মত শিক্ষা, আধুনিক দক্ষতা এবং কর্মমুখী প্রশিক্ষণের সঙ্গে যুক্ত করা যায়, তাহলে তারা দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ পাবে। এ লক্ষ্যেই তরুণদের জন্য সমন্বিত শেখার, দক্ষতা উন্নয়ন ও পেশাগত প্রস্তুতির একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে চায় তারুণ্য ৩৬০।
সংগঠনটির বৃহত্তর কর্মপরিকল্পনার গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে ‘SkillPath 2026’-কে উল্লেখ করে আয়োজকরা জানান, আগামী দিনে তরুণদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা তৈরিকে গুরুত্ব দিয়ে আরও ধারাবাহিক কর্মসূচি আয়োজন করা হবে।

ডেস্ক রিপোর্ট 






















