জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে কৃষি অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে এ সভার আয়োজন করা হয়।
কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. জহুরুল হকের সভাপতিত্বে এবং প্রফেসর ড. মো. মাসুদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের সিনিয়র প্রফেসর ড. মো. হামিদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি তার শিক্ষক সমাজ। শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের সমন্বিত প্রয়াসের মাধ্যমে পবিপ্রবিকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও এগিয়ে নিতে হবে। কৃষি অনুষদ দেশের কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষকবৃন্দের আন্তরিকতা, সৃজনশীল চিন্তা এবং যৌথ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে একটি উৎকর্ষের কেন্দ্রে পরিণত করা সম্ভব।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং গবেষণার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনে প্রশাসন সবসময় শিক্ষক সমাজের গঠনমূলক পরামর্শকে গুরুত্ব দেবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও জবাবদিহিতার সংস্কৃতির মাধ্যমে একটি আধুনিক, উদ্ভাবনী ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. জহুরুল হক নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে স্বাগত জানিয়ে বলেন, কৃষি অনুষদের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবেন।
এ সময় বক্তব্য রাখেন প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী, প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, প্রফেসর ড. মোঃ মহসিন হোসেন খান, প্রফেসর ড. মোঃ কামরুল হাসান, প্রফেসর ড. মোঃ নিজাম উদ্দিন, প্রফেসর ড. মেহেদি হাসান সিকদার, ড. এবিএম সাইফুল ইসলামসহ কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের, চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ। তাঁরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের উন্নয়ন, গবেষণার সুযোগ সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সহ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। মতবিনিময় সভাটি প্রাণবন্ত আলোচনা ও গঠনমূলক মতামত প্রদানের মধ্য দিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত উপাচার্যের নেতৃত্বে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।

ডেস্ক রিপোর্ট 






















