নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার কাউন্সিলর প্রার্থী রুহুল কদ্দুস শাওনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। গত সোমবার (১৫ জুন) মোহনগঞ্জ পৌর এলাকার ২ নং ওয়ার্ডে বিভিন্ন শ্রেণি-পেশার অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের জন্য এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে স্থানীয় শতাধিক মানুষ চিকিৎসকের পরামর্শ গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিনা মূল্যে পান।
আয়োজক সূত্রে জানা যায়, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসাসেবা নিতে আসা অনেকেই এমন উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন।
সেবা নিতে আসা উপকারভোগীরা জানান, বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় ও ওষুধের উচ্চমূল্যের কারণে অনেক নিম্নআয়ের মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এমন পরিস্থিতিতে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণের এ উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ।
কাউন্সিলর প্রার্থী রুহুল কদ্দুস শাওন জানান, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও এমন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

ডেস্ক রিপোর্ট 






















