ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়েছেন জেলার নবাগত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। এ লক্ষ্যে মাদক, চাঁদাবাজি, সাইবার অপরাধসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে তিনি জানান।
২১ শে জুন রবিবার সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। ঝিনাইদহকে মাদকমুক্ত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে জেলা পুলিশ। পাশাপাশি শিশু নির্যাতন, আধিপত্য বিস্তার, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, অপরাধী যে-ই হোক, পুলিশ তার পরিচয় নয়, অপরাধকেই বিবেচনায় নেবে। আইনের প্রয়োগে কোনো ধরনের পক্ষপাতের সুযোগ নেই। দায়িত্ব পালনে ব্যর্থ হলে দায়িত্বে থাকারও কোনো অর্থ নেই।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, একটি নিরাপদ সমাজ গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ সংবাদ ও তথ্যের মাধ্যমে সাংবাদিকরা পুলিশকে অপরাধ প্রতিরোধে সহায়তা করতে পারেন।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জনাব স্বপন মাহমুদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি আসিফ কাজল, দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক শহিদুল ইসলাম, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার বিমল সাহা, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম রায়হান ও মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু ও ফয়সাল আহমেদ, সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান, বাংলাদেশ প্রেসক্লাবে দপ্তর সম্পাদক তানভির সরদার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















