গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর দাওয়াহ সার্কেল, স্বজন, বাণী অর্চনা সংসদ ও বৌদ্ধ ছাত্র কল্যাণ সংঘের প্রতিনিধিগণ সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার ২৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে পর্যায়ক্রমে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
দাওয়াহ সার্কেলের প্রতিনিধিগণ উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে সুন্দর, নৈতিক ও সুস্থ সংস্কৃতি চর্চা বজায় রাখার স্বার্থে দাওয়াহ সার্কেলের সার্বিক কার্যক্রম এবং আসন্ন “ঈমানের অপরিহার্য পাঠ অলিম্পিয়াড ২০২৬” আয়োজনের প্রস্তুতি বিষয়ে অবহিত করেন। উপাচার্য তাদের কার্যক্রমের প্রশংসা করেন এবং বিভিন্ন কার্যক্রমে পাশে থাকার আগ্রহ ব্যক্ত করেন। আলোচনা শেষে দাওয়াহ সার্কেলের পক্ষ থেকে মাননীয় উপাচার্যকে “ঈমানের অপরিহার্য পাঠ” বইটি উপহার দেওয়া হয়।

স্বেচ্ছাসেবী রক্তদানকারী সংগঠন স্বজন-এর প্রতিনিধিগণ উপাচার্যের সাথে সাক্ষাৎ করে ডুয়েটে তাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন। এ সময় তারা সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে উপাচার্যের গঠনমূলক পরামর্শ, দিকনির্দেশনা ও সার্বিক সহায়তা কামনা করেন। মাননীয় উপাচার্য স্বজনের সামাজিক ও মানবসেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন গঠনমূলক উদ্যোগ অব্যাহত রাখার জন্য উৎসাহ প্রদান করেন ও নব উদ্যমে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
ডুয়েট বাণী অর্চনা সংসদ এবং বৌদ্ধ ছাত্র কল্যাণ সংঘের প্রতিনিধিগণও উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতকালে নেতৃবৃন্দ তাদের কার্যক্রম, উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন। মাননীয় উপাচার্য তাদের কার্যক্রমের প্রশংসা করেন এবং ক্যাম্পাসে সাংগঠনিক সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ দৃঢ়করণে তাদের সহায়তা কামনা করেন।

ডেস্ক রিপোর্ট 






















