ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আজ বিশ্ব নদী দিবস। এই দিবসটির উপলক্ষ্যে নদী ও প্রকৃতি সুরক্ষায় সামাজিক সংগঠন “তরী বাংলাদেশ” এর উদ্যোগে তিতাস নদীতে একটি বর্ণাঢ্য নৌ র্যালি অনুষ্ঠিত হয়। এবারের নদী দিবসের প্রতিপাদ্য হলো “No Forests, No Rivers, No Water, No Life” (বন নেই, নদী নেই, পানি নেই, জীবন নেই)।
রোজ শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সকাল
সাড়ে ১১ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের তিতাস নদীর আনন্দ বাজার ঘাট থেকে নৌ র্যালিটি শুরু হয়ে শহরের ভাদুঘর বাজার ঘাট পর্যন্ত গিয়ে পুনরায় আনন্দ বাজার ঘাটে এসে শেষ হয়। বর্ণাঢ্য এই নৌ র্যালিটি উদ্বোধন করেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক (ভিপি জহির), সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এবিএম মমিনুল হক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আলী আজম মিয়া, প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন -বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এখানকার অর্থনীতি, সংস্কৃতি ও জীবনযাত্রা নদীর সঙ্গে গভীরভাবে জড়িত। নদী বাঁচলে দেশ বাঁচবে।তাই আমাদের উচিত জনগনকে সাথে নিয়ে নদীর দখল-দূষণ দূর করা। তিনি আরো বলেন, নদী সুরক্ষায় তরী বাংলাদেশ এর এই সামাজিক আন্দোলনে সবসময়ই পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে।

বিশেষ অতিথি জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন,নদী হলো পৃথিবীর ধমনী বা প্রাণশক্তি।নদী আমাদের সুপেয় পানি, জীববৈচিত্র্য ও কৃষি কাজের প্রধান উৎস।নদীকে দূষণ এবং দখল থেকে মুক্ত রাখার বার্তা দেওয়া হয় এই দিনে। আইনগত বাঁধা কাটিয়ে নদীর সকল অবৈধ দখল উচ্ছেদের উদ্যোগ নেয়া হবে।
তরী বাংলাদেশ এর আহবায়ক শামীম আহমেদ বলেন, সারা দেশে নদী দখল-দূষণ রোধ করে পিলার স্থাপন করে নদীর সীমানা নির্ধারণ করতে হবে। আজকের এই নৌ র্যালির মাধ্যমে আমরা বার্তা দিচ্ছি পুরো দেশের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে দিয়ে দেশের ২৪ হাজার কিলোমিটার নৌপথ সচল করার।
এই নৌ র্যালীতে তরী বাংলাদেশ এর বিভিন্ন ইউনিটের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রণিধানযোগ্য যে , নদী দিবস প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার পালিত একটি দিবস। নদী সম্পর্কে সচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়।

ডেস্ক রিপোর্ট 






















