বিদেশে বাংলাদেশি মিশনে সংসদ সদস্যদের সফর, সভা বা অনুষ্ঠান আয়োজনের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কোনো সংসদ সদস্য বিদেশস্থ বাংলাদেশ মিশন বা চ্যান্সেরি ব্যবহারের অনুরোধ করলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুমোদন নিতে হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. নুরুল ইসলাম বিদেশস্থ বাংলাদেশি মিশন প্রধানকে পাঠানো এক গোপন বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।
বার্তায় উল্লেখ করা হয়, সংসদ সদস্যরা বিভিন্ন সময় বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ সময় তারা মিশনের চ্যান্সেরিতে বৈঠক করার পাশাপাশি স্বাগতিক সরকারের কর্মকর্তা বা বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সভা ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য মিশন ব্যবহারের অনুরোধ করেন।
বার্তায় বিদেশস্থ বাংলাদেশের সব মিশন প্রধানদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত অনুসরণ করার অনুরোধ করা হয়।

ডেস্ক রিপোর্ট 






















