মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের স্নানঘাটা উচ্চবিদ্যালয় মাঠে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ‘জাগ্রত শশিরচর’-এর উদ্যোগে এবং কালকিনি ইসলামিয়া চক্ষু হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টারের সৌজন্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে এর বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তরুণদের মধ্যে অনলাইন জুয়ার বিস্তার রোধেও সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সমাবেশে বিভিন্ন বয়সী সচেতন নাগরিকদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। এতে সভাপতিত্ব করেন স্নানঘাটা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আজগর তালুকদার।
বক্তব্য দেন পলাশ, সাগর, গিয়াস উদ্দিন, রফি তালুকদার, ফিরোজ এমরান, মুজিবুর রহমান, সালাউদ্দিন মাহমুদ, আবুল কালাম, মুস্তাফিজুর রহমান রুপম ও রফিকুল ইসলাম। এছাড়া মাওলানা ফেরদৌস, নেছার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক সালাউদ্দিন মাহমুদ বলেন, “মাদক নির্মূলে প্রথম ভূমিকা পরিবারের। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
স্নানঘাটা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সমাজসেবক মুস্তাফিজুর রহমান রুপম বলেন, “আমার এলাকায় মাদকের কোনো স্থান থাকবে না। আমরা সবাই মাদকের বিরুদ্ধে সোচ্চার এবং সম্মিলিতভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।”
সমাবেশে বক্তারা মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

ডেস্ক রিপোর্ট 





















