ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন, তা নিয়ে ভক্তদের আগ্রহ কম নয়। দেশটিতে নানা ধরনের রাজনৈতিক, সামাজিক ঘটনাকে কেন্দ্র করে সরব থেকেছেন এই শিল্পী। দিল্লীতে প্রশ্ন ফাঁস কেন্দ্র করে সাম্প্রতিক সময়ের ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলেছেন; নিজ দেশের ওপর মহলে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধেও নিজের মত প্রকাশ করেছেন। বাংলাভাষীদের ওপর নির্যাতনের প্রসঙ্গ টেনেও প্রতিবাদ জানিয়েছেন।
এ সমস্ত বিষয় নিজের একটি প্রাইভেট এক্স অ্যাকাউন্ট থেকেই প্রকাশ করেন অরিজিৎ সিং। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো সেই সূত্র ধরেই সংবাদ প্রকাশ করে। সেই এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া সাম্প্রতিক একটি পোস্ট তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।
দীর্ঘদিন ধরেই জল্পনা, রাজনীতিতে যোগ দেবেন ভারতের এই জনপ্রিয় সংগীতশিল্পী। এমন সময়ে তার এই পোস্ট সে জল্পনা বেশ উস্কে দিলো।
কী লেখা ছিল সেই পোস্টে? ‘হু অ্যাম আই’ নামের সেই অ্যাকাউন্ট থেকে অরিজিৎ সিং লেখেন, ‘হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি? গেরুয়ার ভয়ে করি গেরুয়ার জয়গান। গেরুয়াময় হয়েছে আমার প্রাণ।’
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মূলত এই পোস্টের পর থেকেই অরিজিতের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা, প্রশ্ন শুরু হয়। অনুরাগী ও নেটিজেনদের একটি বড় অংশের মতে, বর্তমানে ক্ষমতাসীনদের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করা শিল্পীর এক ধরনের বিদ্রুপাত্মক মন্তব্য। তাদের ধারণা, সাম্প্রতিক নির্বাচন, এর ফলাফল এবং নির্বাচন কমিশনকে ঘিরে চলমান নানা বিতর্কের প্রেক্ষাপটেই এমন বার্তা দিয়েছেন গায়ক।
উল্লেখ্য, ভারতীয় রাজনীতি ও সংবাদমাধ্যমে ‘গেরুয়া শিবির’ বলতে মূলত ভারতীয় জনতা পার্টি (বিজেপি), তথা নরেন্দ্র মোদির দলকে বোঝানো হয়। বিজেপির দলীয় পতাকা, আদর্শ ও প্রচারণায় ঐতিহ্যগতভাবে গেরুয়া রঙের প্রধান ব্যবহার থাকার কারণে রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যমে দলটিকে সংক্ষেপে ‘গেরুয়া শিবির’ হিসেবে অভিহিত করা হয়ে থাকে। বর্তমানে দেশটিতে লম্বা সময় ধরে শাসন করছে এই বৃহত্তম রাজনৈতিক দল।

ডেস্ক রিপোর্ট 






















