এশিয়ার বিভিন্ন দেশের ৪৪ জন কারাতেকার অংশগ্রহণ, সভাপতিত্ব করবেন আইকেও প্রেসিডেন্ট কানচো শোকেই মাতসুই
ঢাকা, ১৩ নভেম্বর ২০২৬: বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে আগামী ২১ নভেম্বর রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মর্যাদাপূর্ণ ‘১৮তম অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬’ (18th All Asia Open Karate Championship 2026)। বাংলাদেশ কিয়োকুশিন কারাতে অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন দেশ থেকে পুরুষ ও মহিলা বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪৪ জন স্বনামধন্য কারাতেকা অংশগ্রহণ করবেন।
টুর্নামেন্ট আয়োজনের সার্বিক প্রস্তুতি, লক্ষ্য ও পরিকল্পনা এবং প্রতিযোগিতার বিস্তারিত তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরতে গতকাল ১২ নভেম্বর রাজধানীতে এক বিশেষ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।
প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি জনাব সাখাওয়াত হোসেন মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আয়োজক কমিটির নীতিনির্ধারকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান পরামর্শক তফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মনির আহমেদ ফেরদৌসী আব্দুল্লাহ, আরিফুর রহমানসহ ক্রীড়াঙ্গনের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের চ্যাম্পিয়নশিপের অন্যতম বিশেষ আকর্ষণ হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট কারাতে ব্যক্তিত্বদের উপস্থিতি। প্রতিযোগিতায় সভাপতিত্ব করবেন বিশ্বের ১৬৬টি দেশের প্রতিনিধিত্বকারী ইন্টারন্যাশনাল কারাতে অর্গানাইজেশন (IKO)-এর প্রেসিডেন্ট কানচো শোকেই মাতসুই (Kancho Shokei Matsui)। এছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন আইকেও-এর আন্তর্জাতিক পরিচালক শিহান কাতসুহিতো গোরাই (Shihan Katsuhito Gorai)।

আয়োজকরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা বাংলাদেশের কারাতে খেলোয়াড়দের জন্য নিজেদের দক্ষতা, যোগ্যতা ও ক্রীড়ানৈপুণ্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি বিভিন্ন দেশের খেলোয়াড়, প্রশিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং কারাতে খেলাটির উন্নয়ন ও প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।
বাংলাদেশে আন্তর্জাতিক মানের কারাতে প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বদরবারে আরও সুপরিচিত করা এবং নতুন প্রজন্মের মধ্যে কারাতে চর্চায় আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
এ উপলক্ষে আয়োজক কমিটির পক্ষ থেকে দেশের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্মানিত সাংবাদিক, সংবাদকর্মী এবং ক্রীড়া সাংবাদিকদের প্রতিযোগিতাটি সংবাদমাধ্যমে গুরুত্বসহকারে প্রচার ও প্রকাশের জন্য আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
প্রতিযোগিতার সময়সূচি ও ভেন্যু
– প্রতিযোগিতা: 18th All Asia Open Karate Championship 2026
– তারিখ: ২১ নভেম্বর ২০২৬, শনিবার
– সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
– স্থান: রিয়া গোপ মহিলা কমপ্লেক্স, ঢাকা, বাংলাদেশ
– আয়োজক: বাংলাদেশ কিয়োকুশিন কারাতে অ্যাসোসিয়েশন
যোগাযোগ:
বাংলাদেশ কিয়োকুশিন কারাতে অ্যাসোসিয়েশন
মোবাইল: ০১৮১৯-২৭৬৭৭৯
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ কিয়োকুশিন কারাতে অ্যাসোসিয়েশন

ডেস্ক রিপোর্ট 


























