ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসকে ঘিরে দলবদলের গুঞ্জন নতুন করে আলোচনায়। তবে সৌদি ক্লাব আল-হিলাল জানুয়ারির দলবদলে পর্তুগিজ মিডফিল্ডারকে দলে নেওয়ার চেষ্টা করছে—এমন খবর নাকচ করেছেন সাংবাদিক বেন জ্যাকবস।
জ্যাকবস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, আগামী জানুয়ারিতে ফার্নান্দেসকে দলে নেওয়ার জন্য আল-হিলালের নতুন করে আগ্রহ দেখানোর খবর সঠিক নয়। সৌদি ক্লাবটির বিদেশি খেলোয়াড়ের সব জায়গা পূর্ণ হয়ে গেছে বলেও উল্লেখ করেছেন তিনি।
এর আগে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, ফার্নান্দেসকে পেতে জানুয়ারিতে ৫৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে পারে আল-হিলাল।
২০২৫ সালের গ্রীষ্মে ফার্নান্দেসকে পেতে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিল আল-হিলাল। তখন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক সৌদি ক্লাবটির প্রস্তাব ফিরিয়ে দেন। তার লক্ষ্য ছিল ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে খেলা চালিয়ে যাওয়া।
ফার্নান্দেস নিজেও জানিয়েছিলেন, আল-হিলালের সভাপতি ফাহদ বিন নাফেল সরাসরি ফোন করে তাকে সৌদি আরবে যাওয়ার ব্যাপারে আগ্রহী কি না, তা জানতে চেয়েছিলেন।
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ফার্নান্দেসের বর্তমান চুক্তি ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত। নতুন চুক্তি নিয়ে আলোচনা থমকে আছে বলে খবর প্রকাশিত হয়েছে। তবে আল-হিলালের আগ্রহ নিয়ে সাম্প্রতিক গুঞ্জনকে আপাতত ভিত্তিহীন।

ডেস্ক রিপোর্ট 






















