খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের ৩ নম্বর প্রকল্প এলাকার কুকিছড়া জনসেবা ধম্মাঙ্কুর বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সীমা বিহার স্থাপন, বুদ্ধমূর্তি জীবন্যাস এবং পঞ্চম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানে বিহার অধ্যক্ষ ভদন্ত আচারিয়া ভিক্ষুর ধর্মীয় নির্দেশনায় বিভিন্ন ধর্মীয় ও পুণ্যকর্ম সম্পাদন করা হয়।
অনুষ্ঠানে চীবর দান, সংঘ দান,কল্পতরু দান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দানসহ নানাবিধ দান অনুষ্ঠিত হয়।
পাশাপাশি বুদ্ধমূর্তি জীবন্যাসের মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
এ সময় বিহার পরিচালনা কমিটির সভাপতি অংসাপ্রু কারবারি ও সাধারণ সম্পাদক আক্যশ্যি মারমাসহ বিহারের দায়ক-দায়িকা, পুণ্যার্থী এবং স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের উসেপ্রু মারমাও উপস্থিত ছিলেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ, ধর্ম ও সংঘের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দান, শীল ও ভাবনার মাধ্যমে পুণ্য সঞ্চয় করেন। সীমা বিহার স্থাপন ও বুদ্ধমূর্তি জীবন্যাসের মধ্য দিয়ে বিহারের ধর্মীয় কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















