ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: উৎসবের রঙে প্রতিষ্ঠাবার্ষিকী, অর্জনের গৌরবের পাশে সংকটের দীর্ঘশ্বাস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

জুবাইয়া বিন্তে কবির: আনন্দ-উচ্ছ্বাস, বর্ণিল শোভাযাত্রা, ৪৮ পাউন্ডের কেক কাটা, আলোচনা সভা ও বিশেষ দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে স্বাধীনতা-উত্তর বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠিত সরকারি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২২ নভেম্বর রবিবার সকাল থেকেই কুষ্টিয়া-ঝিনাইদহের সীমান্তবর্তী শান্তিডাঙ্গা-দুলালপুরের ১৭৫ একরের সবুজ ক্যাম্পাস সেজেছিল উৎসবের সাজে। জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস পরিণত হয় এক মিলনমেলায়।

পাঁচ হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখর আনন্দ শোভাযাত্রা :প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম আকর্ষণ ছিল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। বিভিন্ন বিভাগ, আবাসিক হল, অফিস ও সংগঠনের নিজস্ব প্ল্যাকার্ড এবং রোভার স্কাউটের বাদ্যযন্ত্রের পরিবেশনায় শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এতে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নেন। উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারের নেতৃত্বে শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভিত্তিপ্রস্তর চত্বরে পৌঁছায়। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে প্রশাসন ভবনের সামনে ৪৮ পাউন্ডের কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত।

প্রতিষ্ঠার ইতিহাসে শহীদ জিয়ার দূরদর্শী উদ্যোগ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি দূরদর্শী উদ্যোগ। ইসলামী মূল্যবোধের সঙ্গে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সমন্বয়ে উচ্চশিক্ষার স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে তিনি ১৯৭৬ সালের ১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন। ১৯৭৭ সালে গঠিত হয় সাত সদস্যের পরিকল্পনা কমিটি। ১৯৭৯ সালের ২২ নভেম্বর তিনি শান্তিডাঙ্গা-দুলালপুরে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯৮০ সালের ২৭ ডিসেম্বর জাতীয় সংসদে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাস হয়। নানা প্রশাসনিক সিদ্ধান্ত ও স্থানান্তরের বাধা পেরিয়ে ১৯৮৬ সালের ২৮ জুন মাত্র দুটি অনুষদ, চারটি বিভাগ, আটজন শিক্ষক ও ৩০০ শিক্ষার্থী নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়। ১৯৯২ সালের ১ নভেম্বর বর্তমান ক্যাম্পাসে পূর্ণাঙ্গ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সূচনা হয়। সেই ছোট্ট সূচনাই আজ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।

৩৮ বিভাগে প্রায় ২০ হাজার শিক্ষার্থী, ৪১৫ শিক্ষক : প্রতিষ্ঠার ৪৭ বছর পেরিয়ে ৪৮তম বছরে পদার্পণের সময় ইবির একাডেমিক পরিসরও বিস্তৃত হয়েছে। বর্তমানে ৯টি অনুষদের অধীনে ৩৮টি বিভাগে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ে শিক্ষা ও গবেষণা চলছে। নিয়মিত শিক্ষার্থী ১৯ হাজার ৬৬৮ জন; তাঁদের মধ্যে ১১ হাজার ৮৮৭ জন ছাত্র এবং ৭ হাজার ৭৮১ জন ছাত্রী। এমফিলে ১৫১ জন এবং পিএইচডিতে ১৫২ জন গবেষণায় নিয়োজিত। সব মিলিয়ে শিক্ষার্থী ও গবেষকের সংখ্যা প্রায় ১৯ হাজার ৯৭১। তাঁদের পাঠদানে নিয়োজিত রয়েছেন ৪১৫ জন শিক্ষক। প্রশাসনিক কাজে রয়েছেন ৪৭৬ জন কর্মকর্তা, ৮৭ জন সহায়ক কর্মচারী ও ১৩০ জন সাধারণ কর্মচারী। নতুন বিভাগ, ব্যবহারিক শিক্ষা এবং কর্মমুখী প্রশিক্ষণের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও বিস্তৃত করছে।

বর্তমান প্রশাসন: স্বপ্ন ফেরানোর নেতৃত্ব : ইবি আজ যে নতুন করে জেগে ওঠার স্বপ্ন দেখছে, তার পেছনে রয়েছে এক সক্রিয় প্রশাসন। বর্তমান উপাচার্য বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান গত ১৪ মে ১৫তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শে ইবিকে পুনঃপ্রতিষ্ঠা করার কথা বারবার বলেছেন। তাঁর সঙ্গে রয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিত করা, নতুন শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ, শিক্ষার্থীদের জন্য ইউনিক ‘ইডিইউ আইডি’, গবেষণা ফান্ডের যথাযথ ব্যবহার, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন, কর্মমুখী কারিকুলাম, চাকরির তথ্যের পূর্ণাঙ্গ ডাটাবেজ এবং ৫ম সমাবর্তনের অনলাইন পোর্টাল উদ্বোধন—সবকিছুই সেই সদিচ্ছার প্রমাণ। এই প্রশাসন যদি স্বচ্ছতা, মেধার মূল্যায়ন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ ধরে রাখতে পারে, তবে ইবি আবার তার হারানো গৌরব ফিরে পাবে।

অ্যালামনাই: সেতুবন্ধনের নতুন প্রাণ : একটি বিশ্ববিদ্যালয়ের শক্তি শুধু বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সীমাবদ্ধ নয়; প্রাক্তন শিক্ষার্থীরাও তার গৌরবের অবিচ্ছেদ্য অংশ। ইবির সাবেক শিক্ষার্থীরা প্রশাসন, শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা, বিচার বিভাগ, আইন, ব্যবসা, রাজনীতি, সংস্কৃতি ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমানের নেতৃত্বে সেই প্রাণ আবার জেগে উঠেছে। গত ৬ নভেম্বর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে কার্যনির্বাহী কমিটির সভা, উপাচার্যের সঙ্গে শতাধিক অ্যালামনাই প্রতিনিধির মতবিনিময়, সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ৫ম সমাবর্তনে সহনশীল ফি নির্ধারণের দাবিতে যৌথ বিবৃতি প্রমাণ করে, অ্যালামনাই এখন আর কেবল স্মৃতিচারণের সংগঠন নয়, উন্নয়নের অংশীদার হতে চায়। তাঁদের দাবির ভাষাটিও কত মানবিক—সমাবর্তন একজন শিক্ষার্থীর দীর্ঘ শিক্ষাজীবনের অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি, তাই অধিকাংশ শিক্ষার্থী যেন স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারে।

ঐক্যমঞ্চ: ক্যাম্পাসের সাংস্কৃতিক হৃদস্পন্দন : ইবির আসল সৌন্দর্য কেবল ভবনে নয়, তার তরুণদের সৃষ্টিশীলতায়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত টিএসসিসির তালিকা অনুযায়ী, ‘ঐক্যমঞ্চ’ তথা ইবি সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চের অধীনে ২০টির বেশি স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে—থিয়েটার, রোটার‌্যাক্ট ক্লাব, আবৃত্তি, তারুণ্য, ফিল্ম সোসাইটি, লণ্ঠন, ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি, ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন, ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন, বুনন, সাহিত্য সংসদ, কাম ফর রোড চাইল্ড, কনজ্যুমার ইয়ুথ, রক্তিমা, মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন, আলোর দিশা, আল আউন, গ্রিন ভয়েস, তরুণ কলাম লেখক ফোরাম, আইটি সোসাইটি, ফটোগ্রাফিক সোসাইটি ও ক্যারিয়ার ক্লাব। এর বাইরেও রয়েছে নৃত্যাঙ্গন, পাঠকবন্ধু, বিতর্ক, সাংবাদিক সমিতি, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রোভার স্কাউটসহ নানা সংগঠন। ক্যাফেটেরিয়া চালু, টিএসসিসিতে কক্ষ বরাদ্দ ও সুপেয় পানিসহ ১০ দফা দাবিতে ঐক্যমঞ্চের স্মারকলিপি প্রমাণ করে, এরা কেবল অনুষ্ঠান করে না, শিক্ষার্থীর অধিকার নিয়েও কথা বলে। থিয়েটারের মঞ্চ, আবৃত্তির সুর, ফিল্মের ফ্রেম, রক্তদানের ব্যাগ আর বৃক্ষরোপণের চারায় প্রতিদিন নতুন করে জন্ম নেয় ইবি।

সমাবর্তন: আট বছরের অপেক্ষার অবসান : বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে আবেগময় অধ্যায়গুলোর একটি সমাবর্তন। অথচ দীর্ঘ পথচলায় ইবিতে অনুষ্ঠিত হয়েছে মাত্র চারটি সমাবর্তন। সর্বশেষটি হয়েছিল ২০১৮ সালের ৭ জানুয়ারি। দীর্ঘ আট বছর পর আগামী ২০২৭ সালের ২ ফেব্রুয়ারি পঞ্চম সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ আয়োজন সম্পন্ন হওয়ার প্রস্তুতি চলছে। অনলাইন নিবন্ধন ১০ নভেম্বর থেকে শুরু হয়ে ২৫ নভেম্বর পর্যন্ত চলছে। নিবন্ধন ফি ৫ হাজার টাকা এবং সনদ ফি ১ হাজার টাকা। অনার্সে ২০১২-১৩ থেকে ২০২০-২১ এবং মাস্টার্সে ২০১৫-১৬ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের গ্র্যাজুয়েটরা এতে অংশ নিতে পারবেন। কালো গাউন, ক্যাপ আর সনদ হাতে প্রিয় ক্যাম্পাসে দাঁড়ানোর সেই মুহূর্তটি কত হাজার তরুণের স্বপ্ন, তা কেবল তারাই জানেন যারা বছরের পর বছর অপেক্ষা করেছেন। এই সমাবর্তন যেন কেবল আনুষ্ঠানিকতা না হয়, হয় প্রাক্তনদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নতুন সেতুবন্ধনের সূচনা।

১৭৫ একরের সবুজ, ৪০০ একরের স্বপ্ন : প্রকৃতির স্নিগ্ধতা আর ঐতিহাসিক স্থাপনার সমন্বয়ে ইবির ১৭৫ একরের ক্যাম্পাসের রয়েছে স্বতন্ত্র সৌন্দর্য। এখানে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মুক্ত বাংলা, শহীদ মিনার, শহীদ স্মৃতিসৌধ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন, কেন্দ্রীয় গ্রন্থাগার, কেন্দ্রীয় গবেষণাগার, চিকিৎসাকেন্দ্র, টিএসসিসি, জিমনেশিয়াম ও বিভিন্ন একাডেমিক ভবন। কেন্দ্রীয় মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করার প্রত্যাশাও দীর্ঘদিনের। ৫৩৭ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে উন্নয়ন (তৃতীয় পর্যায়) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। গত অক্টোবর পর্যন্ত আর্থিক অগ্রগতি ৭৪.১১ শতাংশ এবং ভৌত অগ্রগতি ৮৩ শতাংশ। ৩২টির মধ্যে ১৮টির কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পটি শেষ হলে আরও প্রায় ৪ হাজার ৫০০ শিক্ষার্থীর আবাসনের সুযোগ হবে। কিন্তু সত্যি কথা হলো, ১৭৫ একর আজ আর ২০ হাজার শিক্ষার্থীর স্বপ্নের জন্য যথেষ্ট নয়। তাই দাবি উঠছে, আরও অন্তত ৪০০ একর ভূমি_ অধিগ্রহণ এবং আরও অন্তত ২০০০ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন করে আবাসন, পরিবহনসহ সকল সমস্যার সমাধান করতে হবে। ১৭৫ একরের সবুজকে ৫৭৫ একরের মহাসবুজে পরিণত করাই হোক ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।

পরিবহন, নতুন সাবজেক্ট ও পর্যটনের সম্ভাবনা : পরিবহন ব্যবস্থায়ও অগ্রগতি ও সীমাবদ্ধতা পাশাপাশি রয়েছে। বর্তমানে নিজস্ব ৪৩টি, বিআরটিসির ১৩টি দ্বিতল এবং ভাড়ায় পরিচালিত ২০টি বাসসহ মোট ৮১টি যানবাহন রয়েছে। কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা রুটে নিয়মিত সেবা চালু থাকলেও শিক্ষার্থীর সংখ্যা ও যাতায়াতের চাপ বিবেচনায় সক্ষমতা আরও বাড়ানো জরুরি।

ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করা এবং নারী শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মুসলিম বিশ্বসহ বিশ্বের গবেষকদের আকৃষ্ট করতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, রোবোটিক্স, সাইবার নিরাপত্তা, বায়োটেকনোলজি, ইসলামিক ফিন্যান্স, মিডিয়া ও এআই সাংবাদিকতা, পাবলিক হেলথের মতো বিশ্বের শীর্ষ সাবজেক্ট চালু করতে হবে। মুক্ত বাংলা, কেন্দ্রীয় মসজিদ, লালন শাহের মাজার ও শিলাইদহের নৈকট্যকে কাজে লাগিয়ে ক্যাম্পাস ট্যুর ও হেরিটেজ পর্যটন গড়ে তোলাি গেলে কুষ্টিয়া-ঝিনাইদহ অঞ্চলই উপকৃত হবে না, বিশ্ববিদ্যালয়ের আয়ও বাড়বে।

মেধাকে মর্যাদা দিন, হিংসা নয় সহযোগিতা চাই : এই পর্যায়ে প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের কাছে বিনীত আবেদন, ইবির যোগ্য ও মেধাবী শিক্ষকদের পিএসসি, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও গবেষণামূলক কর্মকাণ্ডের শীর্ষ পদে নিয়োগ দিন। ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত এই ক্যাম্পাসে পড়া ও সাংবাদিকতা করার সুবাদে দেখেছি, এখানে দেশের অন্য অনেক বিশ্ববিদ্যালয়ের চেয়ে যোগ্য, মেধাবী ও স্মার্ট শিক্ষক রয়েছেন। কিন্তু কষ্টের কথা হলো, হিংসা-প্রতিহিংসার কারণে অনেক যোগ্য শিক্ষক যোগ্য স্থানে যোগ্য দায়িত্ব পাননি। একজন ভালো জায়গায় যাওয়ার খবর শুনলে আরেকজন তাকে টেনে ধরা, ষড়যন্ত্র করা, মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো—এসব বাদ দিতে হবে। একজন শিক্ষক আরেকজন শিক্ষককে, একজন কর্মকর্তা আরেকজন কর্মকর্তাকে বুদ্ধি-পরামর্শ দিয়ে সহযোগিতা করলে ইবির দশজন শিক্ষক দশটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারবেন, পাঁচজন পিএসসি ও জুডিশিয়াল সার্ভিস কমিশনে যেতে পারবেন। প্রতিযোগিতা হোক জ্ঞানে, গবেষণায়, প্রকাশনায়—ষড়যন্ত্রে নয়।

উপাচার্যের প্রত্যয় ও আগামীর বিশ্বমানের ইবি : প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তাঁর জন্য দোয়া করেন। উপাচার্য জানান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসার বিষয়ে সম্মতি দিয়েছেন। তাঁর হাত দিয়ে একটি আবাসিক হল উদ্বোধনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। উপাচার্য বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন, সেই লক্ষ্য বাস্তবায়নে বর্তমান প্রশাসন প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পরিশেষে, আমি চাই, ইসলামী বিশ্ববিদ্যালয় শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নয়, সমগ্র বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হোক। এখানে শিক্ষার্থীরা শতভাগ আবাসন, নিরাপদ পরিবহন, আধুনিক চিকিৎসা, মানসম্মত শিক্ষা ও আন্তর্জাতিক মানের গবেষণার সুযোগ পাক। শিক্ষকরা গবেষণায় বিশ্বজয় করুন, শিক্ষার্থীরা দেশ-বিদেশে নেতৃত্ব দিক, প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখুন। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অর্জনে যেমন আমাদের আনন্দ, তেমনি প্রতিটি সীমাবদ্ধতায় আমাদের দায়বদ্ধতা রয়েছে। প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় ইসলামী বিশ্ববিদ্যালয় তার হারানো সম্ভাবনা ও প্রতিষ্ঠাকালীন স্বপ্নকে নতুন করে ধারণ করুক। একজন সাবেক শিক্ষার্থী, সাংবাদিক এবং অ্যালামনাই পরিবারের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে আমার প্রত্যাশা—এই প্রিয় বিদ্যাপীঠ একদিন আন্তর্জাতিক অঙ্গনে ইসলামী মূল্যবোধ ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। ১৭৫ একরের এই সবুজ প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসবে জ্ঞানী, দক্ষ, সৎ, মানবিক ও দেশপ্রেমিক প্রজন্ম; যারা শুধু নিজের ভবিষ্যৎ নয়, দেশ ও মানবতার ভবিষ্যৎ নির্মাণেও ভূমিকা রাখবে। ইসলামী বিশ্ববিদ্যালয় বেঁচে থাকুক তার ইতিহাসে, বিকশিত হোক জ্ঞান ও গবেষণায়, সমৃদ্ধ হোক মানবিকতায়। গৌরবের অতীতকে ধারণ করে সম্ভাবনার আগামী নির্মাণ করুক আমাদের প্রিয় ইবি। ৪০০ একর জমি, ২০০০ কোটি টাকার মেগা প্রকল্প, বিশ্বমানের সাবজেক্ট, মেধাবী শিক্ষকদের জাতীয় মর্যাদা আর হিংসামুক্ত সহযোগিতার সংস্কৃতি—এই চারটি অঙ্গীকার পূরণ হলেই ইবি হবে বাংলাদেশের গর্ব, মুসলিম বিশ্বের অহংকার।

জনপ্রিয় সংবাদ

বাইন্যাছোলা মৈত্রী বৌদ্ধ বিহারে ২৩তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: উৎসবের রঙে প্রতিষ্ঠাবার্ষিকী, অর্জনের গৌরবের পাশে সংকটের দীর্ঘশ্বাস

প্রকাশিত : ১১:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬