বরগুনা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলীয় জেলা বরগুনা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা ও সুপেয় পানির সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারী ও প্রান্তিক জনগোষ্ঠী। এই ঝুঁকি মোকাবিলায় নারীদের শুধু উপকারভোগী নয়, বরং পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ অংশীদার করার আহ্বান জানিয়েছেন বক্তারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাবে ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের ষান্মাসিক সভায় বক্তারা এসব কথা বলেন। জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন প্রকল্পের আওতায় জাগোনারী ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল। আলোচনায় অংশ নেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন কামাল, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, প্রকল্পের জেলা সমন্বয়ক মো. আফজাল হোসেন, অ্যাডভোকেট সেলিনা বেগম, ফেরদৌসী মহুয়া, হারুন আর রশিদ হাওলাদার এবং জাগোনারীর পরিচালক গোলাম মোস্তফা।
বক্তারা বলেন, বরগুনার উপকূলীয় জনপদে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন দৃশ্যমান হচ্ছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পাশাপাশি নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি এবং সুপেয় পানির সংকট মানুষের জীবন-জীবিকাকে কঠিন করে তুলছে। এসব সংকটে নারীদের বাড়তি দায়িত্ব ও ঝুঁকি বহন করতে হচ্ছে। দুর্যোগের সময় নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পানি সংগ্রহ ও পরিবারের খাদ্য ব্যবস্থাপনায় তাঁদের ভোগান্তি আরও বেড়ে যায়।
তাঁরা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলার পরিকল্পনা ও বাস্তবায়নে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের দাবি। স্থানীয় নারীদের অভিজ্ঞতা, মতামত ও নেতৃত্বকে গুরুত্ব দিয়ে অভিযোজন পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত না হলে টেকসই জলবায়ু মোকাবিলা সম্ভব নয়।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি কমাতে স্থানীয় প্রশাসন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, নাগরিক সমাজ ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। একই সঙ্গে জলবায়ু ন্যায়বিচার, নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় জনসচেতনতা তৈরির পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর অ্যাডভোকেসি চালিয়ে যেতে হবে।
সভায় ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের চলমান কার্যক্রম, অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বরগুনার উপকূলীয় এলাকার জলবায়ু ঝুঁকি ও স্থানীয় জনগোষ্ঠীর সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কার্যকর দাবি তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















