নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা জোরদার করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।
সভায় উপজেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় সহ এলাকার বিদ্যমান সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় মাদক,সন্ত্রাস, নাশকতা , চোরাচালান, ও বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, ভোক্তা অধিকার সংরক্ষণ, ফরমালিন নিয়ন্ত্রণ এবং খাদ্যে রাসায়নিক দ্রব্য ও ভেজাল মিশ্রণ প্রতিরোধ কার্যক্রমের সমন্বয় ও তদারকি সহ শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ বাজার এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং সচেতনতামূলক প্রচারণা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। চুরি ও ছিনতাই রোধ করা সহ উপজেলার ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে রাত্রীকালীন পুলিশি টহল বৃদ্ধি বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এবং ইউনিয়ন পর্যায়র বিট পুলিশিং কার্যক্রম সক্রিয় রাখার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বাজার এলাকার অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং যানজট নিরসনে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন জলঢাকাকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে সংসদ সদস্য ওবায়দুল্লাহ বলেন, জলঢাকা থেকে যেকোনো উপায়ে মাদক,জুয়া, সন্ত্রাস, বাল্য বিবাহ, যানজট, চুরি, ও ইভটিজিং মুক্ত রাখতে হবে। এ জন্য পুলিশ প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কঠোর হাতে দমনের নির্দেশ দেন তিনি।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা মৌসুমি আক্তার, উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রশাসনিক বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,সারাদেশের চেয়ে জলঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকলেও ইদানিং কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেইক আইডি এবং পরিচিত আইডি উস্কানি মুলক পোস্ট করে বিভ্রান্তি সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে।তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

ডেস্ক রিপোর্ট 






















