চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আট সদস্যের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইসমাইলকে সভাপতি এবং ওমর মুসান্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছরের জন্য জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে জাকির হোসেন ও আশিকুর রহমানকে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাঈনউদ্দিন আরাফ ও এহতেসামুল হক ইশমাম। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে উলফাতুর রহমান রাকিব এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. নাঈম বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ২০ অক্টোবর শাখা সভাপতির নিষ্ক্রিয়তার অভিযোগে জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কমিটি বিলুপ্ত করা হয়। এর ৩৯ দিন পর নতুন এ আংশিক কমিটি ঘোষণা করা হয়৷

ডেস্ক রিপোর্ট 






















