বরগুনা প্রতিনিধি: সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল।
রোববার (২৯ নভেম্বর) সকালে বরগুনা শহরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও যুবদলের জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে নেতৃত্ব দেন বিএনপি বরগুনা জেলা শাখার আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদক খন্দকার রিয়াজ।
জেলা যুবদলের সভাপতি জাবেদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সমাবেশে সার্বিক পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইশতিয়াক উল জলিল সোহাগ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম হুমায়ুন হাসান শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক, বরগুনা পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আমীন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম বাবুল হাওলাদার, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ, সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম শফিকুজ্জামান মাহফুজ, জেলা যুবদলের সাবেক সভাপতি জাহিদ হোসেন মোল্লা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজিবুল ইসলাম সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

ডেস্ক রিপোর্ট 






















