হঠাৎ করেই দাম বাড়ানো হয়েছে ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম। রোববার (১ মার্চ) থেকে বুথের পানি কিনতে হচ্ছে প্রতি লিটার ১ টাকা। আগে প্রতি লিটার পানি কিনতে ভ্যাটসহ খরচ হতো ৮০ পয়সা। ১ মার্চ থেকে তা ২০ পয়সা বাড়িয়ে প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ পয়সা। এতে করে ক্ষুব্ধ হয়েছেন বুথ থেকে পানি কিনে খাওয়া গ্রাহকরা।
এর আগে ২০২৩ সালের ১ আগস্ট ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম দ্বিগুণ করা হয়েছিল। সেই সময় ৪০ পয়সা লিটার পানির দাম এক লাফে ৮০ পয়সা করা হয়েছিল। যদিও ঢাকা ওয়াসা বলছে, বর্তমানে এটিএম বুথ পরিচালনাসহ বৈশ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে পানির দাম বাড়িয়েছে ওয়াসা।
গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেন একটি অফিস আদেশ জারি করে ১ মার্চ থেকে পানির দাম প্রতি লিটার ১ টাকা করার ঘোষণা দিয়েছিলেন।

অফিস আদেশে সচিব এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, গত ২৮ জানুয়ারি ঢাকা ওয়াসার কর্মসম্পাদন সহায়তা কমিটির ১৪তম সভায় অপারেশন অ্যান্ড মেইনটেইনেন্স খরচ বাড়ায় ওয়াটার এটিএম বুথের প্রতি লিটার পানির মূল্য ০ দশমিক ৮০ (ভ্যাট+ট্যাক্সসহ) টাকা থেকে ১ টাকা (ভ্যাট+ট্যাক্সসহ) বাড়ানোর সিদ্ধান্ত হয়। যা ১ মার্চ থেকে কার্যকর হবে।
রাজধানীর বিভিন্ন এলাকায় ৩০২টি ওয়াটার এটিএম বুথ স্থাপন করেছে ঢাকা ওয়াসা ও যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা (এনজিও) ড্রিংকওয়েল। ব্যাংকের এটিএম কার্ডের মতো একটি আরএফআইডি কার্ড মেশিনে নির্দিষ্ট স্থানে রাখলেই স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসে বিশুদ্ধ খাবার পানি। কার্ডে ১০ টাকা থেকে ৯৯৯ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত পানি সংগ্রহ করা যায়। এই সেবা পেতে পানির এটিএম বুথের গ্রাহক সংখ্যা দিন দিন বাড়ছে। এই অবস্থায় এসে পানির দাম হঠাৎ বাড়ানোয় ক্ষুব্ধ হয়েছেন গ্রাহকরা।
এ বিষয়ে ঢাকা ওয়াসার বক্তব্য জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, এটা কোনো একক সিদ্ধান্ত নয়। সম্প্রতি ঢাকা ওয়াসার বোর্ড সভায় এটিএম বুথের পানির দাম ২০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত রোববার থেকে কার্যকর হয়েছে। মূলত ওয়াসার এটিএম বুথ পরিচালনা ব্যয় বেড়েছে। বিশেষ করে পানিতে যে কেমিক্যাল, ফিল্টার ব্যবহার করা হয় এগুলোর দাম বেড়েছে। জনবলের মজুরিও বেড়েছে। এ কারণে পানির দাম বাড়ানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















