দুমকি প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালীর দুমকি উপজেলায় পাঁচটি ইউনিয়নের দেড় হাজার অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ফেয়ার ইউনাইটেড গ্রুপ।
শনিবার (৭মার্চ) সকাল ৯টায় দুমকি নতুন বাজার মাসুদ আল মামুন মার্কেটের সামনে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন ফেয়ার ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবু।
তিনি বলেন, “দুমকি উপজেলার অস্বচ্ছল দরিদ্র মানুষের সাথে একসাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে উপভোগ করার জন্য প্রতিবছরের ন্যায় এবছরও আমার এলাকার দেড় হাজার পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছি। সমাজে যারা বিত্তবান রয়েছেন তাদেরকেও নিজ নিজ এলাকায় হতদরিদ্রের সেবায় এগিয়ে আসার আহ্বান জানাই”।

এসময় উপস্থিত ছিলেন, দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোঃ মমতাজ উদ্দিন খান, দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদ সরদার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহিদ খান প্রমুখ।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য ঈদ সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, সয়াবিন, চিনি, সেমাই,সাবান, আলু, পেঁয়াজ।
ঈদ সামগ্রী উপহার পেয়ে বৃদ্ধ ইয়াকুব আলী বলেন, পবিত্র রমজান মাসে বাবু ভাইয়ের উপহার পেয়ে খুব খুশি। অপর এক বৃদ্ধ মহিলা ঈদ সামগ্রী পেয়ে আবেগের সাথে বলেন, আল্লাহ যেন বাবু ভাইকে আরো ধনসম্পদ বাড়িয়ে দেন।

ডেস্ক রিপোর্ট 






















