নোয়াখালীর হাতিয়ায় ঢাকাগামী লঞ্চের কেবিনে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় প্রতিবাদ মিছিল ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে হাতিয়া উপজেলার ওছখালী বাজারে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাতিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফাহিম উদ্দিন জানান, লঞ্চে যারা ধর্ষণ করেছে তারা এনসিপি সমর্থক। ধর্ষণের প্রতিবাদে আমরা একটা মিছিল বের করলে রাস্তার মোড়ে এনসিপি নেতাকর্মীরা জড়ো হয়ে বিএনপির বিরুদ্ধে উল্টো বক্তব্য ও স্লোগান দেয়। তখন সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে থানার সামনে গিয়ে ফেরত আসলে এনসিপি নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইসমাইল হোসেন ইলিয়াস, পৌরসভা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম দুখুসহ আরও কয়েকজন আহত হয়।
হাতিয়া উপজেলা জাতীয় যুবশক্তির নেতা মো. ইউসুফ বলেন, আমাদের বিক্ষোভ মিছিলে বিএনপি নেতাকর্মীরা হামলা করেছে। এতে আমাদের ৫ জন আহত হয়েছে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে এনসিপি নেতাকর্মীরা একটি মিছিল বের করলে বিএনপি নেতাকর্মীরাও অন্যদিক থেকে একটি মিছিল নিয়ে আসে। উভয়পক্ষ মুখোমুখি হয়ে হাতাহাতি হয়। বড় কোনো সংঘর্ষ ঘটেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এর আগে, গত ৮ মার্চ নোয়াখালীর হাতিয়া থেকে এমডি ফারহান লঞ্চে করে ঢাকায় যাওয়ার পথে রাজধানীর ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই ঢাকার কোতোয়ালি থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করে। ধর্ষণের শিকার ভুক্তভোগী শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

ডেস্ক রিপোর্ট 























