কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েছেন বিসিএস ২৫ তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।
রবিবার (২৬ এপ্রিল) সকালে তিনি তার নতুন এই কর্মস্থলে যোগদান করেছেন।এ সময় তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার।
এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

এর আগে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের (ট্রাফিক) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।
মোহাম্মদ মিজানুর রহমানের মিজানুর রহমানের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়। তিনি কুমিল্লা দেবিদ্বার থানা অন্তর্গত গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউশান থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করেন। তিনি উভয় পরীক্ষায় কৃতিত্বের সাথে প্রথম বিভাগ অর্জন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স এবং মাস্টার্স এ ফার্স্ট ক্লাস অর্জন করেন।
কর্মজীবনের শুরুতে তিনি সারদা পুলিশ একাডেমি থেকে এক বছর প্রশিক্ষণ গ্রহণ এবং বিপিএটিসিতে বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেন। তারপর পুলিশিংয়ে প্রবেশ করেন। চাঁদপুর জেলায় শিক্ষানবিশ শেষ করে বিভিন্ন জায়গায় তিনি চাকরি করেন। পেশাগত জীবনে লম্বা সময় তিনি র্যাব, এপিবিএন এবং পিবিআই’তে দক্ষতার সঙ্গে চাকরি করেন।

ডেস্ক রিপোর্ট 






















