বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকায় অভিযান চালিয়ে হুমায়ুন কবির তালুকদার ওরফে নীরব (৩৪) নামের এক যুবককে ধারালো চাক্কুসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে নবগ্রাম রোডের পশু হাসপাতাল সংলগ্ন হাজী বাড়ি লেন এলাকা থেকে কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টহল টিম তাকে আটক করে।
আটককৃত হুমায়ুন ঝালকাঠি জেলার সদর থানার নবগ্রাম রোডের মৃত স্বরূপ আলী তালুকদারের ছেলে। বর্তমানে তিনি নগরীর হাট ফাউন্ডেশন সংলগ্ন আজাদ মুন্সীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বুধবার সন্ধ্যায় থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কোতোয়ালি মডেল থানার একটি বিশেষ দল ওই এলাকায় টহল দিচ্ছিলো।

রাত ৮টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে নবগ্রাম রোড পশু হাসপাতাল সংলগ্ন হাজী বাড়ি লেন এলাকায় এক ব্যক্তি দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। খবর পেয়ে উপ-পুলিশ পরিদর্শক খন্দকার মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল রাত ৮টা ২৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে হুমায়ুন কবির পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে ধারালো চাক্কুসহ আটক করা হয়।
পরে তাকে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।
পুলিশ আরো জানায়, হুমায়ুন কবির তালুকদার ওরফে নীরব নগরীর দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















