বরিশাল প্রতিনিধি: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে রবিবার সকালে এ কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে দশটার দিকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করা হয়।
র্যালি পূর্বক গৌরনদী প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া ও খেন্দকার মনিরুজ্জামান মনির।

সভাপতির বক্তব্যে সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা শুধু সাংবাদিকদের দায়িত্ব নয়, এটি রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই একজন সাংবাদিকের প্রধান কর্তব্য। বর্তমান সময়ে নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমাদের পেশাগত নৈতিকতা বজায় রেখে সাহসিকতার সাথে কাজ করতে হবে।”
মো. গিয়াস উদ্দিন মিয়া তার বক্তব্যে সাম্প্রতিক সময়ে গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও কয়েকজন সদস্যকে হত্যার হুমকি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের হুমকি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি করছি। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানাচ্ছি।
খোন্দকার মনিরুজ্জামান মনির তার বক্তব্যে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের অন্যতম প্রধান ভিত্তি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, মো. হানিফ সরদার, উত্তম দাস, সহ-সভাপতি এম আলম, সাবেক সহ-সভাপতি এইচএম নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য মণীষ চন্দ্র বিশ্বাস, এইচএম মোশাররফ, বদরুজ্জামান খান সবুজ, বিএম বেলাল, সোলায়মান তুহিন, মো. আনিচুর রহমান, আবু সাঈদ, পলাশ তালুকদার, শামীম মীরসহ অন্যান্যরা। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য মো. লিটন খান।

ডেস্ক রিপোর্ট 






















