পটুয়াখালী প্রতিনিধি: ভালোবাসা, শ্রদ্ধা আর স্মৃতির অশ্রুতে ভিজে উঠলো কুয়াকাটার এক বিদ্যালয় প্রাঙ্গণ। চার দশকের শিক্ষকতা জীবনের ইতি টেনে ব্যতিক্রমী আয়োজনে বিদায় জানানো হলো এক নিবেদিতপ্রাণ প্রধান শিক্ষককে।
পটুয়াখালীর কুয়াকাটার ৭৮ নম্বর খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছগির আহমেদ শাহাবুদ্দিনকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা জানাতে এক অনন্য আয়োজন করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বিদায়ের অংশ হিসেবে তাকে ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়, যা পুরো এলাকায় সৃষ্টি করে এক আবেগঘন ও স্মরণীয় দৃশ্য।
বুধবার (৬ মে) সকাল ৯টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলী আক্কাস হাওলাদার। প্রধান অতিথি ছিলেন ৭ নম্বর লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাহিমা আক্তার রুপা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়। বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১৯৮৬ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ ৪০ বছরের কর্মজীবনে শাহাবুদ্দিন স্যার সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছেন। তার হাত ধরেই বহু শিক্ষার্থী আলোর পথে এগিয়ে গেছে।
বিদায়ের ক্ষণে প্রিয় শিক্ষককে ঘিরে আবেগে আপ্লুত হয়ে পড়েন শিক্ষার্থী ও সহকর্মীরা। অনেকের চোখে দেখা যায় অশ্রু। নিজেও আবেগ সামলাতে পারেননি শাহাবুদ্দিন। ভালোবাসায় সিক্ত এমন বিদায় তাকে অভিভূত করে তোলে।
অনুষ্ঠান শেষে তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে ঘোড়ার গাড়িতে করে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবনের জন্য শুভকামনা জানান সবাই। এলাকাবাসীর মতে, এমন ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী বিদায় আয়োজন দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

ডেস্ক রিপোর্ট 






















