বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালামকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। তিনি একটি মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি এবং দীর্ঘ ১৮ বছর ধরে পলাতক ছিলেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার নলুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তথ্য অনুযায়ী, ২০০৮ সালে ঢাকার সবুজবাগে মাদকসহ গ্রেপ্তার হওয়ার পর আদালতে হাজিরা না দিয়ে পালিয়ে যান কালাম। পরে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আত্মগোপনে থাকা অবস্থায় নাম পরিবর্তন করে নিজ এলাকায় ফিরে স্থানীয় রাজনীতিতে যুক্ত হয়ে দুইবার ইউপি সদস্য নির্বাচিত হন তিনি।
গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















