পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম জোমাদ্দার (৩৭) চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজের ঘটনার পরদিন তার স্বজনরা পটুয়াখালী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহিদুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে পটুয়াখালী-লোহালিয়া সড়কের দিকে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় জিডি করা হয়।

নিখোঁজ শহিদুল ইসলামের বাড়ি সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। তিনি এলাকার রুহুল আমিন জোমাদ্দারের ছেলে। সম্প্রতি তিনি বিয়ে করেছেন। স্থানীয় সরকার নির্বাচনে বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানান স্বজনরা।
নিখোঁজ ইউপি সদস্যের মামা মো. সোহরাব হোসেন বলেন, “সন্ধ্যার দিকে রাস্তায় যাওয়ার পর থেকেই সে নিখোঁজ হয়। এরপর থেকে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হয়নি।”
এদিকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “নিখোঁজের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।”

ডেস্ক রিপোর্ট 






















