বরিশাল প্রতিনিধি : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হাম উপসর্গ ও আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩১ জনে। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালের প্রশাসনিক শাখা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৫ মে হাম উপসর্গ নিয়ে পটুয়াখালী সদরের বাদারা এলাকার বাসিন্দা মো. আব্বাসের ১০ মাস বয়সী ছেলে মোহাম্মদ উল্লাহকে ভর্তি করা হয় এই হাসপাতালে। চার দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে মৃত্যু হয় তার।অন্যদিকে ১ মে পটুয়াখালীর পাগলা এলাকার বাসিন্দা ইলিয়াসের ৭ মাস বয়সী মেয়ে আয়শাকে হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ৯ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে মৃত্যু হয়েছে তার।

শেবাচিমের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর বলেছেন, হাম থেকে মারাত্মক ধরনের নিউমোনিয়া হওয়ায় মৃত্যু হয়েছে শিশু দুটির। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৭৬৯ জন। গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৪৩ জন। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ১৭০ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলেছেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে হামের উপসর্গ পাওয়া গেছে ১০৮ জনের। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১১১ জন। বরিশাল বিভাগে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৪ হাজার ৪৬৪ জন। এদের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৩ জন।

ডেস্ক রিপোর্ট 






















