রাজধানীতে বিআরটিএ কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ছাড়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে আগামী সপ্তাহ থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১১ মে) ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে চলাচলকারী নিবন্ধিত যানবাহনে সরকার কর্তৃক নির্ধারিত রং, ডিজাইন ও সাইজের নম্বর প্লেট যথাযথ স্থানে স্থাপন করা আইনগত বাধ্যবাধকতা। তবে অনেক যানবাহনে বিআরটিএ কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট এবং আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না। এছাড়া অনেকেই নাম্বর প্লেট যথাযথ স্থানে লাগাচ্ছেন না। আবার কেউ কেউ বিআরটিএর রেজিস্ট্রেশন নম্বর প্লেট ব্যবহার না করে শুধুমাত্র পেইন্ট দিয়ে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর লিখে যানবাহন চালাচ্ছেন।

আরও বলা হয়, অনেক যানবাহনের মালিক নম্বর প্লেটের অর্থ পরিশোধ করা সত্ত্বেও বিআরটিএ থেকে নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ না করে যানবাহন চালাচ্ছেন। পাশাপাশি বর্তমানে অনেক যানবাহনের উইন্ডশিল্ডে স্থাপিত আরএফআইডি (RFID) ট্যাগ অকার্যকর পাওয়া যাচ্ছে। ফলে মহানগরের ট্রাফিক ম্যানেজমেন্টে জটিলতা তৈরি হচ্ছে। এ অবস্থায় যানবাহনের মালিক ও চালকদের বিআরটিএ কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ডিজাইন, রং ও সাইজের নম্বর প্লেট যানবাহনের নির্ধারিত স্থানে স্থাপন করার আহ্বান জানিয়েছে ডিএমপি। একই সঙ্গে যানবাহনের উইন্ডশিল্ডে স্থাপিত আরএফআইডি ট্যাগ কার্যকর আছে কি না তা নিশ্চিত হওয়ার অনুরোধও জানানো হয়েছে।
গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সপ্তাহ থেকে বিআরটিএ কর্তৃক সরবরাহকৃত রেজিস্ট্রেশন নম্বর প্লেট এবং আরএফআইডি ট্যাগবিহীন যানবাহনের বিরুদ্ধে জরিমানাসহ অন্যান্য কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ডেস্ক রিপোর্ট 






















