কোরবানির পশুর চামড়া নিয়ে কোনো ধরনের অরাজকতা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, চামড়া ব্যবস্থাপনায় সামান্য অব্যবস্থাপনাও নগরবাসীর জন্য বড় ধরনের দুর্ভোগ সৃষ্টি করতে পারে। তাই ঈদুল আজহাকে সামনে রেখে নগরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
রোববার (১৭ মে) চসিক নগরভবনে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও পরিবেশসম্মত ব্যবস্থাপনা বিষয়ে বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে আয়োজিত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, কিছু অসাধু ব্যবসায়ী নগরের বাইরের চামড়া এনে কৃত্রিমভাবে দাম কমানোর চেষ্টা করে। আবার কিছু মৌসুমি ব্যবসায়ী কাঙ্ক্ষিত দাম না পেলে চামড়া রাস্তায় ফেলে চলে যায়। এতে পরিবেশ দূষিত হয়, দুর্গন্ধ সৃষ্টি হয় এবং নগরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় রাস্তায় পড়ে থাকা চামড়ার কারণে দুর্ঘটনাও ঘটে।

তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে যেকোনোভাবে শহরকে পরিচ্ছন্ন রাখা। কোরবানির পশু জবাইয়ের পর দ্রুত বর্জ্য অপসারণ ও চামড়া সংরক্ষণ না করা গেলে পরিবেশ দূষণের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। এ কারণে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
সভায় চামড়া ব্যবসায়ীরা লবণের দাম নিয়ন্ত্রণে রাখা, ট্যানারি মালিকদের কাছে চট্টগ্রামের আড়তদারদের পাওনা অর্থ পরিশোধ এবং কোনো ধর্মীয় প্রতিষ্ঠান যাতে সক্ষমতার বাইরে চামড়া সংগ্রহ না করে, সে বিষয়ে সহযোগিতা চান।
সভায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য পর্যাপ্ত লবণ মজুত, উপজেলা পর্যায়ে লবণ সরবরাহ নিশ্চিত করা, পশুর হাটে ভেটেরিনারি চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা এবং চামড়া সংরক্ষণ বিষয়ে প্রচার কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া সন্নিহিত জেলা ও উপজেলা থেকে ঈদের দিন ও পরবর্তী দুই দিন মহানগরীতে কোরবানির পশুর চামড়া প্রবেশ ঠেকাতে চেকপোস্ট বসানোর জন্য জেলা প্রশাসন ও জেলা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন, সহ-সভাপতি সম্রাট মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ ও উপদেষ্টা মোরশেদুল আলমসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

ডেস্ক রিপোর্ট 























