পটুয়াখালী প্রতিনিধি: রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ড এবং চট্টগ্রামে তিন বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। ধর্ষণ, নিপীড়ন ও নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার বেলা ১১টায় উপজেলা সদরের বাহেরচর বাজারের চৌরাস্তায় আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
উন্নয়ন সংস্থা জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিকা) বাংলাদেশ রাঙ্গাবালী শাখা আয়োজিত এই প্রতিবাদ কর্মসুচি চলাকালে সেখানে বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থার উপজেলা কর্মকর্তা মোহসীন তালুকদার, ফরিদ উদ্দিন ভূঁইয়া, রাঙ্গাবালী হালিমা খাতুন মহিলা কলেজের প্রভাষক সুমন চন্দ্র দেবনাথ ও রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, দেশে একের পর এক শিশু ধর্ষণ ও নারী সহিংসতার ঘটনা সমাজকে গভীরভাবে নাড়া দিচ্ছে। কিন্তু অনেক ঘটনায় বিচার বিলম্বিত হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এতে অপরাধ প্রবণতা আরও বাড়ছে।
তারা আরও বলেন, শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মানববন্ধনে বক্তারা শিশু রামিসার হত্যাকারীর ফাঁসির দাবি করেন। একই সঙ্গে সারাদেশে নারী ও শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ডেস্ক রিপোর্ট 






















