মাদারীপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষিণবঙ্গ সফরকে ঘিরে মাদারীপুরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। টানা বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।
সোমবার (১৩জুলাই)সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা দেওয়ার পর থেকেই ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে বাড়তে থাকে নেতাকর্মীদের উপস্থিতি। সকাল থেকেই বৃষ্টিকে উপেক্ষা করে মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁকে শুভেচ্ছা জানান তারা।
মাদারীপুর-৩ আসনের বিএনপির নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় পৃথকভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। মোস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান এবং মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহানের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেন। অন্যদিকে কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের নেতৃত্বেও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর মাদারীপুর অতিক্রম করে।
এ সময় তিনি গাড়ির সামনের অংশে অবস্থান করে হাত নেড়ে মহাসড়কের দুই পাশে অপেক্ষমাণ নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। এতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
স্বাগত জানানোর পাশাপাশি নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত অংশ ছয় লেনে উন্নীত করার দাবি জানান। তাঁদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে দক্ষিণাঞ্চলের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে নতুন গতি সঞ্চার হবে।
দীর্ঘ ২২ বছর পর দক্ষিণবঙ্গে তারেক রহমানের এই সফর এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম দক্ষিণাঞ্চল সফর। ফলে বৈরী আবহাওয়া উপেক্ষা করেও হাজারো নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এখন দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা, এই সফরের মধ্য দিয়ে উন্নয়নের নতুন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে অঞ্চলের দীর্ঘদিনের দাবি পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

ডেস্ক রিপোর্ট 






















