দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য পৃথক চিকিৎসা ব্যবস্থা চালু করা হয়েছে “আইসোলেটেড ডেঙ্গু ওয়ার্ড”।
বৃহস্পতিবার (২৪সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ওয়ার্ডের উদ্বোধন করেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিএম এনামুল হকসহ চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে আলতাফ হোসেন চৌধুরী হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ওয়ার্ড পরিদর্শন করেন। তিনি ডেঙ্গু রোগীদের চিকিৎসা কার্যক্রম, হাসপাতালের সার্বিক সেবা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট বিভাগের কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন।
সংশ্লিষ্টরা জানান এই ওয়ার্ড চালুর ফলে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সাধারণ রোগীদের থেকে আলাদা রেখে চিকিৎসা ও পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এতে রোগীদের প্রয়োজন অনুযায়ী দ্রুত চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি হাসপাতালে অন্যান্য রোগীদের জন্য পৃথক ব্যবস্থাপনা বজায় রাখা সহজ হবে।
নতুন ওয়ার্ড চালুর মধ্য দিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় উপজেলা পর্যায়ে সেবার সক্ষমতা আরো বাড়বে বলে আশা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

ডেস্ক রিপোর্ট 






















