গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার বিভিন্ন জায়গায় একাধিক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। আজ বুধবার ২৯ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে নাগরিক সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষে প্রকল্পগুলো বাস্তবায়নের জোর তাগিদ দেয়া হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন সড়ক নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ড্রেনসহ ফুটপাত নির্মাণ কাজ। এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল পুলিশ ফাঁড়ি থেকে কোনাবাড়ী ফ্লাইওভার পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন জিসিসি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে জিসিসি প্রশাসক বলেন, গাজীপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তরিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অঞ্চল-৭-এর দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং উন্নত যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতেই এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের নির্দেশ দিয়ে তিনি স্থানীয় অধিবাসীদের উদ্দেশে বলেন, আপনারা ঠিকাদারদের কাজে সহযোগিতা করবেন এবং এলাকার কাজ সঠিকভাবে বুঝে নেবেন।
তিনি আরও বলেন, পাঁচ বছরে সারা দেশে পাঁচ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এক বছরে ৫০ হাজার গাছের চারা রোপণ করা হবে।
অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৭-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাইম, নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ হোসেন, কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার এবং সাংগঠনিক সম্পাদক মিয়া মো. ফরহাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















