গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মামুনুর রহমান সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের জামিনা কমিউনিটি ক্লিনিক আকস্মিক পরিদর্শন করেছেন। আজ বুধবার ২৯ জুলাই পরিদর্শনের সময় তিনি ক্লিনিকের চিকিৎসা সেবা কার্যক্রম, ওষুধ ও চিকিৎসা সামগ্রীর মজুদ এবং সার্বিক পরিবেশ সরজমিনে অবলোকন করেন।
পরিদর্শনকালে সিভিল সার্জন উপস্থিত স্থানীয় সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন এবং ক্লিনিকে প্রদত্ত স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ প্রাপ্তির বিষয়ে খোঁজখবর নেন। তিনি কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের উপস্থিতির হার এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে সরকারের দেওয়া বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সঠিকভাবে পায়, তা নিশ্চিত করার নির্দেশ দেন সিভিল সার্জন। ক্লিনিকের অভ্যন্তর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার তাগিদ দেওয়া হয়। ক্লিনিকে আসা দৈনিক রোগীদের সঠিক তথ্য ও ওষুধ বিতরণের খাতা নিয়মিত হালনাগাদ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
সিভিল সার্জন ডাঃ মামুনুর রহমান জানান, প্রান্তিক জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কমিউনিটি ক্লিনিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ ও নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও পরিদর্শন কার্যক্রম জেলা জুড়ে নিয়মিত অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং ক্লিনিক পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















