বরগুনা প্রতিনিধি: বরগুনার বামনায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আহত হয়েছেন পুলিশ। ধস্তাধস্তিতে একজন এএসআই সহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সোনাখালি এলাকার মঞ্জু শিকদার বাড়ির সামনে খোকনকে গ্রেপ্তার করতে গেলে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া সাইফুল ইসলাম খোকন ওরফে চান্দি খোকন (৪৭) উপজেলার সোনাখালি এলাকার মৃত হারুনুর রশিদ চৌকিদারের ছেলে।

পুলিশ জানায়, বামনা থানার এএসআই মো. আমিরের নেতৃত্বে দুইজন কনস্টেবল নিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি খোকনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালান। খোকনকে গ্রেপ্তার করা হলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এতে এএসআই আমির হোসেন আহত হন। ধস্তাধস্তির সময় এএসআই আমির হোসেনের জামা ছিঁড়ে যায়। এছাড়া অভিযানে অংশ নেওয়া এক পুলিশ সদস্যও আহত হয়েছে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন খান বলেন, মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ সদস্যদের আহত হওয়ার ঘটনা ঘটে। দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ও বামনাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ডেস্ক রিপোর্ট 






















