দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম শাহ আলম আকনের গোয়ালঘর ও কবুতরের ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার লেবুখালী ইউনিয়নে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতে লেবুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দুমকি উপজেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম তুহিন বসতবাড়ি সংলগ্ন গোয়ালঘর ও কবুতরের বাসায় হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে খবর পেয়ে দুমকি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
লেবুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম তুহিন অভিযোগ করে বলেন, “আমরা কখনও প্রতিহিংসার রাজনীতি করিনি, কারও কোনো ক্ষতিও করিনি। আজ আমার পরিবার নোংরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলো।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

ডেস্ক রিপোর্ট 






















