দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে বিএনপি নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগে সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ ইমরানকে গ্রেপ্তার করে শ্রীঘরে পাঠিয়েছে পুলিশ। গতকাল রাতে ইমরানকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছে দুমকি থানা পুলিশ। জানা গেছে, গত ৩১ শে অক্টোবর সকালে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান জোমাদ্দার স্থানীয় তালতলী বাজারে অবস্থান করছিল। এ সময় রাকিব ও ইমরান সহ ছাত্রদলের কয়েকজন খলিল জোমাদ্দারের উপর আক্রমণ চালায়। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ী নাম না জানানোর শর্তে জানিয়েছেন খলিল জোমাদ্দার ফোনে কথা বলছিলেন এ সময় ৪/৫ জন ছাত্রদল নেতা বিএনপি নেতা খলিল জোমাদারের উপর অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। স্থানীয় ব্যবসায়ীরা ঘটনাস্থলে আসলে ছাত্রদল নেতারা মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। পরক্ষনে স্থানীয়রা খলিল জোমাদারকে আহত অবস্থায় দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ বিষয়ে ওইদিনই ছয় জনের নামোল্লেখ ও অজ্ঞাত আরো সাত/ আট জনকে আসামি করে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন। ১ নভেম্বর রাতে এজাহার ভুক্ত দুই নম্বর আসামি মোহাম্মদ ইমরানকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিএনপি নেতা খলিল জোমাদ্দার ও ছাত্রদল নেতাদের সাথে আগে থেকেই বিরোধ চলছিল।
অভিযোগ অস্বীকার করে এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. রাকিব জানান, ছাত্রদলের কয়েকজন বালুর ড্রেজারের লাইন বসাতে গেলে খলিল জোমাদ্দার বাঁধা দেন এবং টাকা দাবি করেন।এ নিয়ে তাঁর সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের সাথে ধাক্কাধাক্কি হলে খলিল জোমাদ্দার রাস্তার উপর পরে গিয়ে আহত হয়। তাঁকে কেউ আঘাত করেনি এবং হামলার কোন ঘটনাও ঘটেনি।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, এজাহারভুক্ত দুই নম্বর আসামি মো. ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো প্রক্রিয়াধীন। বাকী আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

ডেস্ক রিপোর্ট 




















