দুমকি প্রতিনিধিঃ ইউজিসি’র প্রথম বর্ষে ভর্তির সব আসন পূরণ এবং নির্ধারিত সময়ে শিক্ষাবর্ষের কার্যক্রম শেষ করার লক্ষ্য নিয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা পদ্ধতি সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে ভর্তি পরীক্ষার মানোন্নয়ন ও ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যেদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
অদ্য ১৫ নভেম্বর ইউজিসি ভবনে দেশের কৃষি ও কৃষি প্রধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউজিসি’র সদস্য অধ্যাপক ড.মাছুমা হাবিব, অধ্যাপক মো: আবদুল্লাহ আল-মামুন হোসেন, অধ্যাপক ড.মো: আসলাম হোসেন ও সচিব ড.মো: ফখরুল ইসলাম। সভায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহানসহ ৯টি কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ উপস্থিত ছিলেন। সভায় কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ উচ্চশিক্ষা,গবেষণা ও ভর্তি প্রক্রিয়া নিয়ে বেশকিছু দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষার প্রশ্নের মান উন্নয়ণ, শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও বিশ্লেষণী দক্ষতা যাচাই এবং ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমিয়ে সব আসন পূরণের লক্ষ্যে উপাচার্যদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন। তিনি স্পষ্ট জানান, ভর্তি প্রক্রিয়ার জটিলতার কারণে কোনো আসন খালি রাখা যাবে না এবং নির্ধারিত সময়ে একাডেমিক কার্যক্রম শুরু ও শেষ করতে হবে।তিনি দেশের কৃষি, অর্থনীতি ও সমাজের বাস্তব সমস্যা সমাধানে কার্যকর গবেষণায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান।বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি উদ্বেগ প্রকাশ করেন যে,বাংলাদেশের ৬০শতাংশের বেশী স্নাতক ডিগ্রিধারী তরুণ যোগ্যতা অনুযায়ী চাকুরী না পেয়ে অনানুষ্ঠানিক খাতে কাজ করতে বাধ্য হচ্ছেন। এ অবস্থা কাটিয়ে উঠতে পাঠ্যক্রম আধুনিকায়ণ ও কর্মমুখী করতে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের যুক্ত করা এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পখাতের সমন্বয় বাড়ানোর পরামর্শ দেন।

ডেস্ক রিপোর্ট 





















