দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত সাংবাদিক সমিতির এক প্রতিনিধি দল উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় সাংবাদিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম আকাশ ও সাধারণ সম্পাদক মোশতাক আহমেদের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ উপাচার্য অধ্যাপক ড. এস. এম হেমায়েত জাহান এর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ.বিএম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মো: মাহফুজুর রহমান সবুজ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান বলেন,” বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চা,গবেষণা ও মুক্তবুদ্ধির পীঠস্থান। আর তোমরা হলো ক্যাম্পাসের দর্পণ। তোমাদের লেখনীর মাধ্যমেই আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্জন,সম্ভাবনার চিত্র দেশ ও জাতির সামনে ফুটে উঠে। পড়াশোনার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মতো একটি মহান ও চ্যালেজিং পেশায় তোমরা নিজেদের যুক্ত করেছ- এজন্য তোমাদের সাধুবাদ জানাই।তিনি বলেন,যে কোন সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরী। গুজব ও ভিত্তিহীন কোন তথ্য যেন বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন না করে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
মনে রাখতে হবে যে,একটি ভুল তথ্য যেমন বিভ্রান্তি ছড়ায়, তোমনি একটি সঠিক ও গঠনমূলক প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অনেক ভালো গবেষণা ও উদ্ভাবন রয়েছে-এই ইতিবাচক অর্জনগুলো যেন হারিয়ে না যায়। তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সাফল্য,গবেষণা এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডগুলো জাতীয় গণমাধ্যমে আরও বেশী করে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, পবিপ্রবিকে একটি বিশ্বমানের বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে প্রশাসন বদ্ধপরিকর। সাংবাদিকদের পেশাগত কাজে ও যৌক্তিক দাবীতে পাশে থাকার ইচ্ছে ব্যক্ত করেন। তিনি সাংবাদিক সমিতির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ পবিপ্রবি সাংবাদিক সমিতির সংশোধিত গঠণতন্ত্র(২০২৬) রিজেন্ট বোর্ডের ৫৯ তম সভায় অনুমোদিত হওয়ায় উপাচার্য ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ডেস্ক রিপোর্ট 






















