কুয়েতে নতুন করে হামলা চালানোর তথ্য অস্বীকার করেছে ইরান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের একটি স্থাপনায় ড্রোন হামলা হয়। এতে ইতালির দুই নাগরিক নিহত হয়েছেন। যারা কুয়েতে বেসামরিক টেকনিশিয়ানি হিসেবে কাজ করতেন।
হামলার পরপরই কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। প্রথমে তারা চারজন আহত হওয়ার তথ্য দেয়। এরপর জানায় এ হামলায় দুই ইতালিয়ান নিহত হয়েছেন। এছাড়া একজন পাকিস্তানি ও একজন কুয়েতি আহত হয়েছেন।
তবে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আব্দুলফজল শেখারচি বলেছেন, তারা এমন কোনো হামলাই চালাননি। সরকারি টিভিকে তিনি বলেছেন, “এ অঞ্চলে কোনো সামরিক অথবা হামলার অভিযান চালায়নি ইরানের সশস্ত্র বাহিনী।”
ইতালির বার্তাসংস্থা এএনএসএ জানিয়েছে, যেখানে হামলা হয়েছে সেটি ‘রেহেনমেটালের’ একটি স্থাপনা। আর নিহত দুজন সেখানে টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর কুয়েতে ইরান ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালায়।
এরমধ্যে একটি ড্রোন হামলায় কুয়েতে ছয় মার্কিন সেনা প্রাণ হারান। এছাড়া ভুলক্রমে যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমানও দেশটির সেনারা ভূপাতিত করেছিল।
উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে কুয়েত ছোট একটি দেশ। তবে তাদের এখানে যুক্তরাষ্ট্রের সেনাদের ব্যাপক উপস্থিতি আছে। ইরান মার্কিনিদের সেসব সামরিক স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করেই মূলত হামলা চালিয়েছে।
এরআগে গত সপ্তাহে বাহরাইনে একাধিকবার হামলা ড্রোন হামলা চালায় ইরান। এরমধ্যে সর্বশেষ হামলায় একটি তেল ডিপোতে ভয়াবহ আগুন লাগে।
তবে ইরান বলল তারা কুয়েতে কোনো হামলা চালায়নি।
সূত্র: এএফপি

ডেস্ক রিপোর্ট 






















