চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. কেরামত আলীর ইশতেহার ঘোষনা করা হয়েছে । শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সোনামসজিদ দারসবাড়ি মাদরাসা মসজিদ প্রাঙ্গনে সর্ব শ্রেণীপেশার মানুষের উপস্থিতিতে ড. কেরামত আলী এই ইশতেহার ঘোষনা করেন । ইশতেহারে কর্মসংস্থান সৃষ্টি, তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মমূখী শিক্ষা, স্বাস্থ্যসেবা, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ পর্যন্ত রেললাইন স্থাপন, আম ও কৃষি উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতির বিস্তার, পদ্মা নদীর ভাঙন রোধ প্রকল্প, প্রশাসনিক কাঠামো সংস্কার, সোনামসজিদ স্থলবন্দর আধুনিকায়ন, যানজট নিরসন ও নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত উপজেলা গঠন, নারীর ক্ষমতায়ন, পর্যটন শিল্পের প্রসার, শিক্ষা বিস্তার, নগরায়ন, শিল্পায়ন, সীমান্ত সুরক্ষা ও স্বার্বভৌমত্ব রক্ষা, সুশাসনের শিবগঞ্জ তৈরি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ সহ মোট ২০ টি বিষয়ের উপরে ৯২ টি গুরুত্বপূর্ণ পয়েন্টে উন্নয়ন পরিকল্পনার কথা ঘোষনা করেন তিনি ।

এছাড়াও প্রয়োজন ও সময় সাপেক্ষে শিবগঞ্জবাসীর পরামর্শ ও সহযোগিতা নিয়ে একটি মডেল উপজেলা গঠনের কথাও জানান তিনি । ড. কেরামত আলী বলেন, এটি শুধু একটি প্রতিশ্রুতি নয়, বরং দক্ষতা, বাস্তবায়নের স্বক্ষমতা ও জনবল সহ সামগ্রিক বিষয় বিবেচনা সাপেক্ষে গঠিত একটি ইশতেহার, যা বাস্তবায়নে জনগনের সহযোগিতা ও আমার জবাবদিহিতা ওতোপ্রতোভাবে জড়িত থাকবে ইনশাআল্লাহ । আধুনিক শিবগঞ্জ গঠনে এমন একটি ইশতেহারকে স্বাগত জানিয়েছেন শিবগঞ্জের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ । বিশেষ করে পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকার জনগন, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী, বিভিন্ন কর্ম ও শ্রেণীপেশার নারী এবং যুবসমাজ ব্যাপক উৎসাহের সহিত জামায়াতে ইসলামীর এই ইশতেহারকে স্বাগত জানিয়ে তা বাস্তবায়নের আশা ব্যক্ত করেছেন । এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের আসন কমিটির পরিচালক মাওলানা মো: সাদিকুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি মো: সেফাউল মূলক সহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন ।

ডেস্ক রিপোর্ট 






















