ঢাকার দুই সিটি করপোরেশনের ডামাঢোলের শুরুতে প্রাথমিক মেয়র প্রার্থী ঠিক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সম্প্রতি শীর্ষ নেতাদের বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আরিফুল ইসলাম আদীবকে প্রাথমিকভাবে প্রার্থী হিসাবে ঠিক করে দলটি। এনসিপির একাধিক নেতার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বৈঠকে ডিএনসিসির মেয়র প্রার্থী হিসেবে দলটির জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রাথমিকভাবে বাছাই করেছে। আদীব সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট থেকে ঢাকা ১৮ আসনের প্রার্থী ছিলেন। বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হলেও ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট পান। তাছাড়া দলের পক্ষ থেকে নগর ও পরিবেশ বিষয়ক সভা সেমিনারে প্রতিনিধিত্ব করে থাকেন তিনি। জুলাই গণঅভ্যূত্থানসহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন তিনি।
চব্বিশের জুলাই গণঅভুত্থ্যানের সম্মুখসারির যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী করতে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। আসিফ মাহমুদ চব্বিশের অভূত্থ্যান পরবর্তী অর্ন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন। সংসদ নির্বাচনের প্রাককালে উপদেষ্টা পদ ছাড়েন। নির্বাচনকালীন সময় থেকে এনসিপির মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচন পরবর্তী সময়ে জোটসঙ্গী বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাছাড়া ঢাকা-৮ আসন থেকে সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী নাসির উদ্দিন পাটওয়ারীর নাম আলোচনায় রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একজন কেন্দ্রীয় নেতা দেশ রূপান্তরকে জানিয়েছেন, রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন হবে, তা ধরে নিয়ে নিজেদের প্রার্থীতা ঠিক করছে এনসিপি। এই নির্বাচনেও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে সমঝোতা করে অংশ নেবেন তারা। সেই আলোকে প্রার্থিতা ঠিক করেছেন। কাউন্সিলর প্রার্থী ঠিক করে সেই তালিকা নিয়ে জামায়াতের সঙ্গে সমঝোতার বৈঠকে বসবে দলটি।
দলটির নেতারা বলছেন, সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা মহানগরীর ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসনে জয় লাভ করলেও বেশ ভাল ভোট পেয়েছেন তারা। জুলাই গণ-অভূত্থ্যানের স্পিরিট ধরে রাখতে তরুণ নেতৃত্ব সামনে আনতে কাজ করছেন তারা।
এদিকে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। এনসিপি ৬ জন সংসদ সদস্য নিয়ে জামায়াতের নেতৃত্বে বিরোধী দলের আসনে বসেছে। সরকারের দায়িত্ব নেওয়ার প্রথম দিনই সিটি করপোরেশন নির্বাচনের ঘোষণা দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশিনও ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে।

ডেস্ক রিপোর্ট 






















