পটুয়াখালী প্রতিনিধি: নতুন ধানের ঘ্রাণ, উঠোনজুড়ে পিঠাপুলির আয়োজন, নকশি পিঠা আর নারকেলের পায়েস। কোথাও হাঁড়িভাঙা খেলা, কোথাও মোরগ লড়াই। সঙ্গে ঢাকঢোল, গান আর আনন্দ-উচ্ছ্বাস। একসময় অগ্রহায়ণ মাসে নতুন ধান ঘরে তোলার আনন্দে এভাবেই উৎসবে মেতে উঠত গ্রামবাংলা। সময়ের সঙ্গে কমেছে সেই আয়োজন। হারিয়ে যেতে বসেছে কৃষিভিত্তিক লোকজ সংস্কৃতির অনেক অনুষঙ্গ। গ্রামবাংলার সেই পুরোনো উৎসবের আমেজ ফিরিয়ে আনতে পটুয়াখালীর গলাচিপায় কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব।
সোমবার (১৬ নভেম্বর) বাংলা ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাচারীকান্দায় এ উৎসবের আয়োজন করা হয়। বেসরকারি সংগঠন সারা বাংলা কৃষক সোসাইটির (এসবিকেএস) উদ্যোগে কাচারীকান্দা মুগডাল উৎপাদনকারী সমবায় সমিতির উঠোনে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।
মুগডাল, বাদাম, তরমুজসহ বিভিন্ন ফসল উৎপাদনকারী ১০টি কৃষক সমবায় সমিতির প্রায় ২০০ কৃষক-কৃষাণি এতে অংশ নেন। নতুন পোশাক পরে উৎসবে যোগ দেন তাঁরা। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বের করেন বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপর আলোচনা সভা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠাপুলির আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
উৎসবের মাঠে বসানো হয়েছিল ১০টি স্টল। সেখানে স্থান পায় গ্রামবাংলার নানা ঐতিহ্যবাহী খাবার ও কৃষিপণ্য। নকশি পিঠা, পুলি, নাড়ু, ভাপা পিঠা, মলিদা, খই, মুড়ি, চালভাজা, নারকেল ও দুধ-নারকেলের পায়েসের পাশাপাশি প্রদর্শিত হয় স্থানীয়ভাবে উৎপাদিত মুগডাল, বাদাম ও নারকেলসহ বিভিন্ন কৃষিপণ্য।
শুধু খাবার নয়, উৎসবজুড়ে ছিল গ্রামীণ জীবনের চেনা সব আয়োজন। হাঁড়িভাঙা খেলা, মোরগ লড়াই, বল পাস ও বেলুন ফোটানোর মতো খেলায় অংশ নেয় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ। এসব আয়োজনে ফিরে আসে গ্রামবাংলার চিরচেনা উৎসবের আবহ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সারা বাংলা কৃষক সোসাইটির সভাপতি রিতা ব্রাম্মা। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য অঞ্জলি বৈদ্য, আঞ্চলিক প্রকল্প সমন্বয়কারী এস এম রঞ্জু, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মাঠ সহায়ক মোবিনা সুলতানা তন্বী, এফবিএফ প্রতিনিধি রেহেনা বেগম, কাচারীকান্দা মুগডাল উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি মানসুরা বেগম, সংগঠনের ব্যবসা সহায়ক আবদুল মন্নান এবং দক্ষিণ দুমকি গাভি পালন সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু।
বক্তারা বলেন, নবান্ন কেবল নতুন ধান ঘরে তোলার উৎসব নয়, এটি বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। একসময় ধর্ম-বর্ণনির্বিশেষে গ্রামের সব শ্রেণি-পেশার মানুষ এ উৎসবে অংশ নিতেন। নতুন ফসল ঘরে তোলার আনন্দে কৃষকের সারা বছরের পরিশ্রম ও দুঃখ-কষ্টের মধ্যে তৈরি হতো ভিন্ন এক আবহ।
তাঁরা বলেন, আধুনিকতার প্রভাবে গ্রামীণ ঐতিহ্যবাহী আয়োজনগুলো ক্রমেই কমে যাচ্ছে। নতুন প্রজন্মও নিজস্ব সংস্কৃতি ও লোকজ বিনোদন থেকে দূরে সরে যাচ্ছে। তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকছে। এ পরিস্থিতিতে নবান্ন উৎসবের মতো সাংস্কৃতিক আয়োজন বাড়ানো গেলে তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে তারা নিজেদের শেকড় ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারবে।
বক্তারা আরও বলেন, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা, প্রান্তিক কৃষকের আর্থিক নিরাপত্তা এবং টেকসই কৃষিব্যবস্থা গড়ে তোলাও জরুরি। শুধু উৎসব আয়োজন নয়, কৃষকের জীবনমান উন্নয়নেও কার্যকর উদ্যোগ নিতে হবে। নবান্ন উৎসবকে দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়া এবং এ ঐতিহ্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
এ সময় সারা বাংলা কৃষক সোসাইটির সভাপতি রিতা ব্রাম্মা সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, ২০১৩-২০১৪ সালের দিকে প্রতিষ্ঠিত সারা বাংলা কৃষক সোসাইটি ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সংগঠিত করে তাঁদের আর্থসামাজিক উন্নয়ন এবং নীতিনির্ধারণী পর্যায়ে কৃষকের কণ্ঠস্বর তুলে ধরতে কাজ করছে। বরিশাল ও রংপুরে আঞ্চলিক কার্যালয়সহ দেশব্যাপী সংগঠনটির কার্যক্রম রয়েছে। গ্রামীণ ঐতিহ্য ও কৃষিভিত্তিক সংস্কৃতি পুনরুজ্জীবিত করতে বিভিন্ন অঞ্চলে কৃষকদের নিয়ে নবান্ন উৎসবের আয়োজন করে আসছে সংগঠনটি।
দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে কৃষকদের মধ্যে তৈরি হয় আনন্দ, সম্প্রীতি ও পারস্পরিক যোগাযোগের সুযোগ। আয়োজক ও অংশগ্রহণকারীদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা নবান্নের ঐতিহ্য আবারও পরিচিত হবে। নতুন ধানের ঘ্রাণ, পিঠাপুলির স্বাদ আর লোকজ খেলাধুলার মধ্য দিয়ে কৃষিনির্ভর বাংলার সংস্কৃতি ফিরে পাবে নতুন প্রাণ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ডেস্ক রিপোর্ট 






















